রংপুর, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরে ঢাকাগামী একটি বাস কোম্পানির কাউন্টার ভাংচুর হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কামারপাড়ায় টি আর পরিবহণের কাউন্টারে হামলা চালিয়ে ভাংচুর করে একদল যুবক।
এর প্রতিবাদে অন্য বাসের কাউন্টারগুলোও বন্ধ হয়ে যায়। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
টি আর পরিবহণের কাউন্টারকর্মীরা জানায়, ঢাকা থেকে আসা তাদের একটি বাস সন্ধ্যা ৭টায় শহরের শাপলা চত্বর অতিক্রমের সময় কামারপাড়া ও আদর্শপাড়ার কয়েকজন যুবক জোর করে উঠার চেষ্টা করে। তখন এতে বাধা দিলে যুবকেরা হুমকি দিয়ে চলে যায়।
কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, ওই ঘটনার কিছু সময় পরই ১৫/২০ জন যুবক লাঠি-সোঁটা নিয়ে কামারপাড়ায় টি আর কাউন্টারে হামলা চালায়।
কাউন্টার থেকে ৫০ হাজার টাকা লুট করা হয় বলেও দাবি করেছে টি আর কর্মীরা।
ওসি বলেন, এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৪০ ঘ.
bdnews24