ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নাতি রাকিব হোসেনকে নির্যাতনের ঘটনায় পুলিশের চার কর্মকর্তাকে আগামী বুধবার আবারো আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এরা হলেন- ঢাকা মহানগর পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার আশরাফুল আজিম মিয়া, গুলশান থানার ওসি শাহ আলম, উপ-পরিদর্শক (এসআই) সোমেন বড়–য়া ও মোস্তাফিজুর রহমান।
সোমবার হাই কোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে দিনভর শুনানি শেষে এই আদেশ হয়।
অবশ্য এ ঘটনায় পুলিশের গুলশান অঞ্চলের উপ-কমিশনার লুৎফুল কবিরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় আদালত।
রাকিবের পরিবারের অভিযোগ, গত ১০ ফেব্র“য়ারি বিনা অপরাধে রাকিবকে গুলশান থানায় তিন ঘণ্টা আটকে রেখে তার ওপর নির্যাতন করা হয়। এ লেভেলের ছাত্র ১৯ বছর বয়সী রাকিব তারপর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন।
এ বিষয়ে ১২ ফেব্র“য়ারি একটি দৈনিকে ‘তাজউদ্দিনের নাতিকে পেটাল পুলিশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হলে তা নিয়ে সারাদেশে আলোচনা শুরু হয়। সেদিনই আইনজীবী শম রেজাউল করিম বিষয়টি আদালতের নজরে আনেন।
এরপর বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারির পাশাপাশি পাঁচ পুলিশ কর্মকর্তাকে তলব করে।
সোমবার দিনভর শুনানিতে ব্যারিস্টার কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও ব্যারিস্টার তানিয়া আমীর আদালতে বক্তব্য তুলে ধরেন।
তিন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। দুই উপ-পরিদর্শকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোতাহার হোসেন।
শুনানিতে বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা কামাল হোসেন বলেন, “এই মামলার সাংবিধানিক গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নাকি পুলিশী রাষ্ট্র-তার মীমাংসা হবে এই মামলার রায়ে।”
“পুলিশকে জানতে হবে তারাও সমানভাবে আইনের আওতাভুক্ত। আইন তাদেরকে কোনো ধরনের দায়মুক্তি দেয় না।”
এ সময় আদালত বলে, পুলিশ কোনো দায়মুক্তি ভোগ করে না। বরং পুলিশের দায় অন্য ১০ জনের চেয়ে বেশি। কারণ জনগণের টাকায় জনগণের স্বার্থে তাদেরকে নিয়োগ করা হয়েছে।
জ্যেষ্ঠ তিন পুলিশ কর্মকর্তার আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদকে আদালত নির্যাতিত রাকিবের একটি ছবি দেখালে তিনি বলেন, “এখানে নিষ্ঠুরতা হয়েছে, এটা বলা ছাড়া উপায় নেই।”
“তবে পুলিশের সঙ্গে সঙ্গে জনগণের মানসিকতায়ও পরিবর্তন করতে হবে যে, পুলিশ কাউকে ধরলেই বলে আমি অমুকের অমুক।”
এর আগে গত বৃহস্পতিবার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান, ব্যারিস্টার তানিয়া আমীর, রাকিবের বাবা মোস্তাক হোসেন, রাকিবের মা ও তাজউদ্দিনের মেয়ে সিমিন হোসেন রিমি আদালতে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/পিডি/১৯৪০ ঘ.
bdnews24