২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা অতিথি, মাহফিল বন্ধ করেছে ‘যুবলীগ’

বিএনপি নেতাকে প্রধান অতিথি করায় নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি ওয়াজ মাহফিল স্থানীয় যুবলীগকর্মীদের চাপে বন্ধ হওয়ার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 01:32 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

নাটোর, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতাকে প্রধান অতিথি করায় নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি ওয়াজ মাহফিল স্থানীয় যুবলীগকর্মীদের চাপে বন্ধ হওয়ার অভিযোগ উঠেছে। আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) দাঁইড়পাড়া জামে মসজিদে বার্ষিক এই ওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল। এ লক্ষ্যে আয়োজকরা পোস্টারিং এবং লিফলেট বিতরণ করেছে। এলাকাবাসী জানায়, ওয়াজ মাহফিলে বিএনপি নেতা ও বড়াইগ্রাম পৌর মেয়র ইসাহাক আলীকে প্রধান অতিথি করা হয়। কিন্তু গত কয়েকদিন থেকে স্থানীয় যুবলীগ কর্মী শহীদ ও আহাদের নেতৃত্বে ১০/১২ জন যুবলীগকর্মী মাহফিলের পোস্টার ছিঁড়ে ফেলে এবং ইসাহাক আলীকে প্রধান অতিথি করে কোনো জালসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। দাঁইড়পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি লুৎফর রহমান বলেন, “মেয়রকে অতিথি করায় কিছু ছেলে আপত্তি জানায়। তাই আমরা মুরুব্বীরা বসে আলোচনা করে সভা বন্ধ করে দিয়েছি।” যুবলীগকর্মী শহীদ ও আহাদ হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, মেয়র পৌরসভার লোক। তাকে ইউনিয়নে প্রধান অতিথি করা ঠিক হয়নি। পরবর্তীতে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের অতিথি করে জালসা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২১ ঘ.