নরসিংদী, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তা প্রহরীর গুলিতে নরসিংদীতে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় এ ঘটনায় নিহত মাহফুজুর রহমান (৩৬) ব্যাংকটির নরসিংদী শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি ভোলা জেলায় বলে ব্যাংক কর্মকর্তারা জানান।
এ ঘটনায় পুলিশ নিরাপত্তা প্রহরী সেলিম রেজাকে (৩৫) গ্রেপ্তার করেছে।
ব্যাংকের ওই শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মনিরুজ্জামান সরকার বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় এটিএম বুথে টাকা লোড শেষে মাহফুজুর রহমান বের হয়ে আসার সময় সেলিম রেজার হাতে থাকা শটগান থেকে গুলি বের হয়ে মাহফুজের বুকের ডান পাশে বিদ্ধ হয়।
আশপাশের লোকজন ও ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
নিরাপত্তা প্রহরী সেলিম রেজা বলেন, শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে মাহফুজুর রহমানের বুকে বিদ্ধ হয়।
নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেলিম রেজাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৬ ঘ.
bdnews24