২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিক্ষার সব স্তরে মাতৃভাষায় পাঠদান’

এই প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যার শুরুটা হয়েছিল ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের স্মরণে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 04:45 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- “তুমি যদি কারো সঙ্গে সেই ভাষায় কথা বলো- যা সে বোঝে, তুমি তার মস্তিষ্কে পৌঁছাবে। আর তুমি যদি তার সঙ্গে তার ভাষায় কথা বলো- তোমার কথা পৌঁছে যাবে তার হৃদয়ে।” আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নেলসন ম্যান্ডেলার এই কথাটি আবারও বিশ্বকে মনে করিয়ে দিয়েছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা- ইউনেস্কো। এর মধ্য দিয়ে সংস্থাটি বলছে, পাঠ্যবইয়ের শিক্ষাকে প্রতিটি শিশুর হৃদয়ে পৌঁছে দিতে মাতৃভাষায় পাঠদানের বিকল্প নেই। ‘শিক্ষার সব স্তরে মাতৃভাষায় পাঠদান’- এই প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার স্বীকৃতির দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্র“য়ারি ঢাকার রাজপথে রক্ত ঝরিয়েছিলো বাঙালিরা। ভাষার জন্য বাঙালির এই আত্মত্যাগকে স্বীকৃতি দিয়ে ১৯৯৯ সালে এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে জাতিসংঘ সংস্থা ইউনেস্কো। এরপর থেকে প্রতিবছর এ দিনটি ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পালন করা হয়। ত্রয়োদশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক বিবৃতিতে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা বলেন, “আমাদের চিন্তা, আমাদের আবেগ, আমাদের ভাষা- এগুলোই আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ... আমরা যা, আমাদের ভাষাও তাই। ভাষাকে বাঁচিয়ে রাখলে আমরা আসলে নিজেদেরই বাঁচিয়ে রাখবো।” বিভিন্ন গবেষণার বরাত দিয়ে ইরিনা বলেন, “ভাষার বৈচিত্র যতো বাড়বে- সবার জন্য শিক্ষা নিশ্চিত করার সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য পূরণ ততো সহজ হবে। পাশাপাশি বিভিন্ন গবেষণায় এ বিষয়টিও আজ প্রমাণিত যে, স্কুলে মাতৃভাষায় শিক্ষাদানই হতে পারে নিরক্ষরতার বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।” প্রযুক্তি আমাদের সুযোগকে দশগুণ বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে মহা পরিচালক বলেন, “এর পুরোটাই আমাদের কাজে লাগানো উচিৎ। নতুন প্রজন্ম ইন্টারনেটসহ যোগাযোগের নতুন সব মাধ্যমের সঙ্গে বেড়ে উঠছে। ভাষার ক্রমক্ষয় এই বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।” দিবসটি উপলক্ষে বিলুপ্তির হুমকিতে থাকা ভাষার তালিকা নিয়ে ‘অ্যাটলাস অব দি ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজেস ইন ডেঞ্জার’ এর সা¤প্রতিক সংস্করণ প্রকাশ করছে ইউনেস্কো। এতে দেখা যাচ্ছে, বর্তমান বিশ্বে যে ৬ হাজারের মতো ভাষায় মানুষ বলে, এই শতকের শেষভাগে পৌঁছে তার অর্ধেকই হারিয়ে যেতে পারে। “ভাষা মানব সভ্যতার ঐতিহ্য। ভাষা হারিয়ে গেলে আমাদের সভ্যতাই দরিদ্র হবে। আর তা হলে নিজেকে প্রকাশ করার, অন্যের সঙ্গে যোগাযোগ করার, শেখার সর্বজনীন যে অধিকার- তা থেকেই পিছিয়ে যাবো আমরা।”, বলেন ইরিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০৩৫ ঘ.