ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ১৭ উপসচিবের পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ভিন্ন আদেশে রোববার এসব রদবদল করা হয়।
ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (নেপ) জ্যেষ্ঠ বিশেষজ্ঞ পদে প্রেষণে কর্মরত উপসচিব শাহ মো. আবু রায়হান আল বেরুনীকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার (সিইও) মু. নুরুজ্জামান শরীফকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সেলিম রেজাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং ওএসডি উপসচিব নূরুল আলম নিজামীকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
তিন উপসচিবকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইকোনোমিক গ্রোথ প্রোগ্রামের (বিইজিপি) উপ-প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
তারা হলেন- বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি উপসচিব ইয়ামীন আকবরী এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব নাসরীন আক্তার চৌধুরী ও আশীষ কুমার সাহা।
এছাড়া ওএসডি উপসচিব মোহা. আব্দুস সালামকে বাংলাদেশ ট্রেড পলিসি সাপোর্ট প্রোগ্রামের (বিটিপিএসপি) উপ-প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
ওএসডি উপসচিব মোকবুল হোসেনকে প্রতœতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি উপসচিব আতিকুল ইসলামকে একই মন্ত্রণালয়ের অধীনে ১৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব মুজাফফর আহমেদকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের উপ-পরিচালক (প্রশাসন ও কল্যাণ), ওএসডি উপসচিব এসএম রেজাউল মোস্তফা কামালকে ‘বেটার কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার অব বেটার ওয়ার্ক অ্যান্ড স্ট্যান্ডার্ডস প্রোগ্রাম’র প্রকল্প পরিচালক এবং রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নূরুল আলম চৌধুরীকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
ওএসডি উপসচিব ফেরদৌস হোসেনকে ‘ডিপেনিং এমটিবিএফ অ্যান্ড স্ট্রেংদেনিং ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যাবিলিটি (ডিএমটিবিএফ) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
‘বেটার কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার অব বেটার ওয়ার্ক অ্যান্ড স্ট্যান্ডার্ডস প্রোগ্রাম’র প্রকল্প পরিচালক পদে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব জিয়াউর রহমানের প্রেষণে নিয়োগের আদেশটি বাতিল করা হয়েছে।
এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগে সংযুক্ত ওএসডি উপসচিব মোছাম্মত কামার জাহান ও আব্দুর রহিম মোল্লাকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে দায়িত্ব পালনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮৫৪ ঘ.
bdnews24