বরিশাল, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা বিক্ষোভ ও ভাংচুর করেছে।
এর জেরে প্রথমে ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করলেও পরে তা প্রত্যাহার করা হয়।
পানি, বিদ্যুৎ, খাবার, শিক্ষক ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ ১৪ দফা দাবিতে শনিবার সকালে ক্যাস্পাসে বিক্ষোভ ও ভাংচুর করে শিক্ষার্থীরা।
আইএইচটি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরিশালের সিভিল সার্জন মিজানুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি জিওবি ফান্ডে নেওয়া হয়নি। বরাদ্ধ না থাকায় সৃষ্ট সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
তিনি বলেন, সবচেয়ে জরুরি পানি ও বাথরুম সমস্যা সমাধানের জন্য শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে লেখা হয়েছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় জেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সভায় উপস্থাপন করা হয়েছে।
জেলা প্রশাসক সমাধানের আশ্বাস দিয়েছেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত রয়েছে। তাই ইনস্টিটিউট বন্ধ ঘোষণা এবং হল ত্যাগের নির্দেশ দিলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে।
ইনস্টিটিউটের প্রধান সহকারী আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধ্যক্ষ বরিশালের বাইরে থাকায় তার অনুমতিক্রমে ক্যাম্পাস ১৮ থেকে ২৫ ফেব্র“য়ারি পর্যন্ত বন্ধ এবং আবাসিক ছাত্র ও ছাত্রীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগে নির্দেশ দেওয়া হয়েছিল।
পরে অধ্যক্ষ এসে সব আদেশ প্রত্যাহার করে নেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
শিক্ষার্থী সাকিব হাসান বলেন, “আইএইচটি একটি সরকারি প্রতিষ্ঠান হলেও কোনো সুযোগ-সুবিধা নেই। শিক্ষক নেই, শিক্ষার উপকরণ নেই। এমনকি শিক্ষার্থীদের পরিচয়পত্রও দেওয়া হয়নি। মেধাতালিকায় সুযোগ পেয়ে এখানে ভর্তি হয়ে আমরা সবক্ষেত্রে বঞ্চিত হচ্ছি।”
এই কারনে ১৪ দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাংচুর করা হয়।
শিক্ষার্থী হাসিব বলেন, একাডেমিক সমস্যার পাশাপাশি ছাত্র ও ছাত্রী নিবাসগুলোতে রয়েছে নানা সমস্যা। আসবাবপত্র নেই। শীতের মধ্যে মেঝেতে ঘুমাতে হয়। প্রায়ই বিদ্যুৎ থাকে না।
আন্দোলনরত ছাত্রী সাইফা বিনতে মিম বলেন, ছাত্রীনিবাসে কোনো পানির ব্যবস্থা নেই। ছাত্রাবাসের সামনের টিউবল থেকে পানি আনতে হয়। সেখানে ছাত্রীরা প্রায়ই যৌন হয়রানির শিকার হয়।
শিক্ষার্থীদের ১৪ দফা দাবি হল- স্থায়ী অধ্যক্ষ নিয়োগ, শিক্ষক নিয়োগ, আসবাবপত্র সমস্যার সমাধান, বৈদুতিক সমস্যার সমাধান, জরুরি পানি সরবরাহ, ব্যবহারিক সরঞ্জাম সরবরাহ, নিয়মিত ক্লাস নেওয়া, পরিচয়পত্র প্রদান, খাবার সমস্যা সমাধান, ইলেকট্রিশিয়ানের অবহেলা রোধ, ঝাড়–দার ও সুইপার সমস্যা সমাধান, নিরাপত্তা জোরদার, ছাত্রী হোস্টেলের টিউবয়েল সমস্যার সমাধান এবং খেলাধুলার উপকরণ সরবরাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৮ ঘ.
bdnews24