চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আন্দরকিল্লা মোড় থেকে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. ইউসুফ (৩২), আবদুল কাদের (৩৫), মো. মোস্তফা (৩৭), ইমাম হোসেন ইমন (২৮) ও সিএনজি অটোরিকশা চালক মো. মিরাজ ওরফে সিরাজ (২৭)।
শুক্রবার গভীর রাতে আন্দরকিল্লা মোড় সংলগ্ন জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল গলির মুখ থেকে তাদের আটক করা হয়।
তাদের কাছ থেকে পুলিশ দুটি চাপাতি, ২৮ ইঞ্চি লম্বা দুটি ছোরা এবং একটি চাকু উদ্ধার এবং ছিনতাই কাজে ব্যবহার করা একটি সিএনজি অটোরিকশা আটক করে।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রিটন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত পৌনে দু’টার দিকে দুটি সিএনজি অটোরিকশা নিয়ে ছিনতাইয়ের জন্য কয়েকজন আন্দরকিল্লা মোড়ে অপেক্ষা করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”
এ সময় একটি অটোরিকশায় করে আরো ছয় জন ছিনতাইকারী পালিয়ে যায় বলে জানান তিনি।
তিনি জানান, গত ৮ ফেব্র“য়ারি নগরীর ওয়াসার মোড়ে ছিনতাইকারীরা ফেনী এলাকার সংরক্ষিত নারী সাংসদ রেহানা কবীরের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
ওই ঘটনায় গ্রেপ্তারকৃতরা জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/১৮২৫ ঘ.
bdnews24