ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী থেকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পর্যন্ত চন্দনা-বারাশিয়া নদীর ১১৭ কিলোমিটার এলাকায় খনন কাজ শুরু হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান শনিবার গোপালগঞ্জের কাশিয়ানীতে এ খনন কাজের উদ্বোধন করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজবাড়ি থেকে ফরিদপুর হয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পদ্মা নদীর সঙ্গে মধুমতি নদীকে যুক্ত করেছে চন্দনা-বারাশিয়া নদী। এ নদীর ১১৭ কিলোমিটার এলাকা খনন করতে ব্যয় হবে ৬০ কোটি টাকা।
ফারুক খান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এই খনন কার্যক্রম বাস্তবায়ন করছে। খনন শেষে হলে এ অঞ্চলের নৌপরিবহন ও সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
অন্যদের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জহিরুল ইসলাম জানান, চন্দনা-বারাশিয়া নদীর ২০ শতাংশ এলাকা শ্রমজীবীদের মাধ্যমে এবং ৮০ শতাংশ যন্ত্রের সাহায্যে খনন করা হবে। এতে স্থানীয়ভাবে ব্যাপক কর্মসংস্থান হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭৫০ ঘ.
bdnews24