চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বেড়াতে এসে ছিনতাইকারীর কবলে পড়েছেন মৌলভীবাজারের এক বিচারক। ছিনতাইয়ের অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বুধবার দুপুরে নগরীর মেহেদীবাগে বেড়াতে আসেন মৌলভীবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ আবদুল হাসিব মো. সাইদ। সেখানে তার অটোরিকশায় জোর করে দুই যুবক উঠে পড়ে।
আবদুল মান্নান জানান, বিচারককে নিয়ে ছিনতাইকারীরা নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে বাকলিয়া থানা এলাকার একটি বাসায় নিয়ে সঙ্গে থাকা ২৯ হাজার টাকা, মোবাইল ফোন এবং দুই লাখ টাকার নগদ ব্যাংক চেক ছিনিয়ে ছেড়ে দেয়।
এ ঘটনায় বিচারক আবদুল হাসিব বুধবার রাতে বাকলিয়া থানায় লিখিত অভিযোগ করেন। তিনি চট্টগ্রাম মহানগরের যুগ্ম ও দায়রা জজ হিসেবেও কর্মরত ছিলেন।
পুলিশ কর্মকর্তা আবদুল মান্নান জানান, অভিযোগের প্রেক্ষিতে নগরীর মেডিক্যাল কলেজের সামনে লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার থেকে ছিনতাইকারী ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চেকটি উদ্ধার করা হয়।
এছাড়া তার স্বীকারোক্তির ভিত্তিতে খোয়া যাওয়া ২৯ হাজারের মধ্যে ১২ হাজার টাকা উদ্ধার করা হয় এবং আরেক ছিনতাইকারী মান্নানকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ওসি আনোয়ার কামাল জানান, গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।
# বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/ ১৬২৭ ঘ.
bdnews24