সাভার, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়ায় ট্রাক চালক ইউনিয়ন অফিস দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে বাইপাইলে ‘বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন অফিসে’ এ সংঘর্ষ হয়।
গ্রেপ্তাররা হলেন স্বপন আলম (৩০), সুমন (২৫) ও আলম (২০)।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাইপাইলে অবস্থিত বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন অফিস দখলে নেওয়ার জন্য মালিক সমিতির লোকজন হামলা চালায়।
সমিতির ভাড়া করা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুপুর ১টার দিকে অফিসের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে। পিটিয়ে আহত করে প্রায় ১০ জনকে।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয়ও জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেশীয় অস্ত্রসস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করে।
আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন বাইপাইল অফিসের প্রচার সম্পাদক আলী হোসেন বলেন, বাইপাইলের ট্রাক চালক ইউনিয়ন অফিসের নেতা ছানাউল্ল¬াহ ছানীর প্রতিপক্ষ গ্র“প এ আর মন্টুর লোকজন এ হামলা চালায়। তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ অফিসের আসবাবপত্র ভাংচুর করেছে।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০১৯ ঘ.
bdnews24