২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে জ্বালানি গ্যাস সংকট

নারায়ণগঞ্জ শহরে জ্বালানি গ্যাসের তীব্র সংকটের কথা জানিয়েছেন কয়েকটি স্থানের বাসিন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 06:13 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরে জ্বালানি গ্যাসের তীব্র সংকটের কথা জানিয়েছেন কয়েকটি স্থানের বাসিন্দারা। এ কারণে রান্নাবান্নার কাজে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। দিনের বেলায় গ্যাস না থাকায় গভীর রাতে রান্নার কাজ সারেন কোনো কোনো গৃহিনী। আবার অনেক পরিবার কেরোসিনের স্টোভ, গ্যাস সিলিন্ডার ও লাকড়ির চুলায় রান্নাবান্না করছে। এছাড়া সবরবরাহ লাইনে ত্র“টির কারণে শহরের এসএম মালেহ রোড (টানবাজার) এলাকায় গত দুই বছরে বেশ কয়েকবার অগ্নিকাণ্ড হয়েছে বলে এলাকাবাসী জানায়। গ্যাস সংকট নিরসন ও গ্যাস সরবরাহ লাইন নিরাপদ করার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল এবং তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচিও পালন করেছে। এদিকে, তিতাস গ্যাস কর্তৃপক্ষ শহরের এসএম মালেহ রোডের সরবরাহ লাইনের ক্রটি মেরামতে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে। গত ১০ ডিসেম্বর গ্যাস সরবরাহ লাইন নিরাপদ করা ও গ্যাস সংকট নিরসনের দাবিতে শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় অবস্থিত তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিস ঘেরাও ও বিক্ষোভ মিছিল করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। সমাবেশ ও মিছিল শেষে তারা তিতাস গ্যাস অফিসে স্মারকলিপি দেয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড, শহরের এসএম মালেহরোড, সাহাপাড়া, লয়েন ট্যাঙ্ক রোড (থানা পুকুর পাড়), শহীদ সোহরাওয়ার্দী সড়ক (চেম্বাররোড), পালপাড়া, সিরাজউদদৌলা সড়ক (ফলপট্টি), ডালপট্টি প্রভৃতি এলাকার শত শত নারী-পুরুষ ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়। সাহাপাড়া এলাকার বাসিন্দা গৃহবধূ মালতী দেবী বলেন, গত প্রায় এক বছর যাবত গ্যাস সংকট তীব্র হয়েছে। দিনের বেশির ভাগ সময়ই গ্যাস থাকে না। গভীর রাতে কিছু সময়ের জন্য এলেও সকালের আগেই চাপ একেবারে কমে যায়। ঠিকমতো রান্না করতে পারছি না। গ্যাস না থাকায় বাধ্য হয়ে সিলিন্ডারের গ্যাসে রান্না করতে হচ্ছে। লয়েন ট্যাঙ্ক রোড এলাকার বাসিন্দা তারিক-বিন ইউসুফ বাবু জানান, ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট রয়েছে। গ্যাস না থাকায় বিপর্যন্ত হয়ে পড়েছে জনজীবন। গ্যাসের সরবরাহ পাইপও জরাজীর্ণ হয়ে পড়েছে। গত দুই বছরে ১৬ বার গ্যাসের পাইপের লিকেজ থেকে আগুন লাগে। শহরের টানবাজরে রঙ ও কেমিক্যালের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাই দ্রুত গ্যাসের জরাজীর্ণ পাইপ লাইন সংস্কার করা না হলে যে বড় ধরনের কোনো ভয়াবহ অগ্œিকাণ্ড হতে পারে। সেই সঙ্গে প্রাণহানিরও আশংকা রয়েছে। নিরাপত্তার স্বার্থে দ্রুত লাইনগুলো মেরামতের দাবি জানান তিনি। ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট রয়েছে। এছাড়া অনেক স্থানে পাইপ ছিদ্র হয়ে অনবরত গ্যাস বের হয়। আগামী কয়েকদিন পরই টানবাজার এলাকার সড়কগুলো আট ইঞ্চি পরিমাপ আরসিসি ঢালাই দেওয়া হবে। তখন গ্যাসের পাইপের এ সমস্যা থাকলে রাস্তা খোঁড়াখুঁড়ি করে তার মেরামত কঠিন হয়ে পড়বে। বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বার বার জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন এই কাউন্সিলর। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিসের উপ-মহাব্যবস্থাপক এসএম ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নারায়ণগঞ্জের গ্যাসের চাহিদা রয়েছে ১২০ মিলিয়ন ঘনফুট। সেখানে আমরা পাচ্ছি ৭০ থেকে ৮০ মিলিয়ন ঘনফুট। চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।” নরসিংদী-মনোহরদী দিয়ে ২৪ ইঞ্চি গ্যাস পাইপ লাইনের কাজ চলছে। সেটা স্থাপন হয়ে গেলে আগামী কয়েকমাসের মধ্যে নারায়ণগঞ্জের গ্যাসের সমস্যার অনেকখানি উন্নতি হবে বলে তিনি জানান। এছাড়া শহরের টানবাজার এলাকার গ্যাস লিকেজ ও গ্যাস সমস্যা সমাধানে প্রসেসিং চলছে। এটা এখন প্লানিং বিভাগে আছে। দ্রুত এই সমস্যা সমাধানে কাজ শুরু হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.