২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অপহৃত শিশু গাজীপুরে উদ্ধার, গ্রেপ্তার ২

অপহরণের ২৪ ঘণ্টা পর সাভারের এক স্কুলছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে দুই ভাই-বোনকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 02:52 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

সাভার, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ২৪ ঘণ্টা পর সাভারের এক স্কুলছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে দুই ভাই-বোনকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া কাইচাবাড়ী এলাকার বাসা থেকে তাকে অপহরণ করা হয়। শুক্রবার দুপুরে গাজীপুর জেলার জয়দেবপুরের বাংলাবাজার থেকে মেয়েটিকে (৭) উদ্ধার করা হয়। সে আশুলিয়ার আহাদ আলী প্রি-ক্যাডেট মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। গ্রেপ্তারকৃতরা হলেন- রবিউল ইসলাম (২৭) ও তার বোন সালমা আক্তার (৩০)। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণকারীরা শিশুটির মা’র মোবাইল ফোন যোগাযোগ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেয়। পরে ৭০ হাজার টাকার বিনিময়ে তাকে মুক্তি দিতে রাজি হয় তারা। মনির বলেন, কথা অনুযায়ী একটি কাগজের কার্টনে টাকা নিয়ে শিশুটির মা অপহরণকারীদের দেওয়া তথ্য অনুযায়ী জয়দেবপুর চৌরাস্তায় যান। দুপুর ২টার দিকে রবিউল মুক্তিপণের টাকা নিতে এলে সাদা পোশাকে থাকা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাংলাবাজারের একটি বাড়ি থেকে তার বড় বোন সালমাকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন পুলিশ কর্মকর্তা। মেয়েটির মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার মেয়েকে বাসায় একা রেখে তিনি কাজে যান। এরপর থেকেই সে নিখোঁজ থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০৪৩ ঘ.