মামুনুর রশীদ ও আশিক হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অমর একুশে বইমেলার প্রথম শিশুপ্রহর অনেকখানি নিরুত্তাপই কেটেছে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অল্প যে কয়েকজন দর্শনার্থী চোখে পড়ছিলো তাদের মধ্যে শিশুদের চেয়ে বড়োদের সংখ্যাই ছিল বেশি।
বৃহস্পতিবার বাচ্চাদের স্কুল খোলা থাকায় এবং সকাল থেকে মেঘলা আবহাওয়ার কারণে উপস্থিতির পরিমাণ এতো কম বলে জানান কয়েকজন প্রকাশক-বিক্রেতা।
আবার কেউ কেউ এতো কম উপস্থিতির জন্য বাংলা একাডেমীর দুর্বল প্রচারণাকেই দুষলেন।
শিশুপ্রহরে শিশুরা তাদের একজন অভিভাবক নিয়ে মেলায় ঢুকতে পারে। এর পর শিশুপ্রহর রয়েছে ১৭, ২৩ ও ২৪ ফেব্র“য়ারি।
মুক্তধারার বিক্রয় প্রতিনিধি জাকারিয়া হোসেন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বড়দের বই বিক্রি করলেও ছোটদের একটি বইও বিক্রি করতে পারেননি তিনি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাচ্চাদের স্কুল খোলা থাকায় আর মেঘলা দিন হওয়াতে বোধহয় উপস্থিতি কম। এছাড়া অনেকে জানেই না যে আজকে শিশুপ্রহর। এর জন্য যে প্রচার প্রচারণার প্রয়োজন ছিলো সেটাও হয়নি।”
শিশু একাডেমীর প্রকাশনা বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী সম্পাদক এর সঙ্গেই যোগ করলেন, “যেদিন স্কুল খোলা সেইরকম একটা দিনে শিশুপ্রহর ঘোষণা কতখানি যুক্তিযুক্ত সেটাও বিবেচনার বিষয়।”
এর সঙ্গে একমত পোষণ করেন প্রকাশনা সংস্থা হাট্টিটির বিক্রয় প্রতিনিধি ইন্দ্র কিশোর রায়। এ প্রকাশনার সামনে পাওয়া গেল চার বছরের মুনাজ্জাইকে। মায়ের সঙ্গে সিনড্রারেলার বই খুঁজছে সে।
আর তিন বছরের ক্ষুদে পাঠক আনুশাহ বাবা-মায়ের সঙ্গে ঘুরে ঘুরে সে কিনেছে সিডিসহ ঈশপের গল্প, ছড়ার বই হাটটিমাটিমের দেশে, ডোরেমন আর রুপকথার বই।
গণমাধ্যমের সঙ্গে তাদের যোগাযোগ নেই
দুর্বল প্রচারণার অভিযোগের বিষয়টিকে উড়িয়ে দিয়ে একাডেমীর সমন্বয় ও গণসংযোগ বিভাগের উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ বলেন, “এই অভিযোগ যারা করেছেন আমি প্রথমেই বলব গণমাধ্যমের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। শিশুপ্রহরের বিষয়টি অন্তত শীর্ষস্থানীয় ১৫টি গণমাধ্যমে প্রচার হয়েছে। সুতরাং প্রচারে আমাদের কোনো শিথিলতা ছিল না।”
প্রচারের বিষয়ে প্রকাশকদেরও কিছুটা দায় রয়েছে মন্তব্য করে তিনি বলেন, “বইমেলার একটি অংশে শুধুমাত্র শিশুদের বইয়ের জন্য একটি জায়গা করে দেয়া হয়েছে। তাই প্রকাশকরাও এই দায় এড়াতে পারেন না।”
স্কুল খোলার দিনে শিশুপ্রহর কেন করা হলো এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এর আগে দেখেছি অনেক স্কুল থেকে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের মেলায় সঙ্গে করে নিয়ে আসেন। আর যারা এদিনে আসতে পারবে না তাদের জন্য আগামীকাল (শুক্রবার) তো রয়েছেই।”
মেলায় শিশুদের জন্য বই
প্রতিবছরই বইমেলায় বড়দের পাশাপাশি ক্ষুদে পাঠকদের জন্য বইয়ের ডালি সাজিয়ে রাখেন প্রকাশকরা। এ বছরও তার ব্যাতিক্রম নয়।
মেলার নজরুল মঞ্চের পাশে একটি অংশে সারিবদ্ধভাবে রয়েছে ক্ষুদে পাঠকদের অনেকগুলি বইয়ের দোকান।
শিশু একাডেমী বরাবরই ছোটদের পছন্দকে গুরুত্ব দিয়ে বইমেলায় বই প্রকাশ করে থাকে। এবছর তারা শিশুদের জন্য নিয়ে এসেছে ২৪টি নতুন বই।
শিশু একাডেমীর প্রকাশনা বিভাগের সহকারী সম্পাদক মো কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছোটদের জন্য দুই খণ্ডের ‘ছোটদের বিজ্ঞান কোষ’ এবারের বিশেষ আয়োজন। এছাড়াও শিশু একাডেমির পরিচালক ফাল্গুনী হামিদের উপন্যাস ‘ইকরি’ বেশ সাড়া পেয়েছে।”
শিশু একাডেমী প্রকাশিত শিশুদের অন্যান্য উপন্যাসগুলো হলো- বেবী মওদুদের উপন্যাস ‘আবু আর বাবু’, ফাহমিদা মঞ্জু মজিদের ‘ভাগ্যি নানি সাথে ছিলো’, হোসনে আরা আলমের ‘লাল নীল স্বপ্ন’।
ছড়ার বইয়ের মধ্যে রয়েছে শেখ দুলালের ‘রাঙা আলোর ছবি’, অরুণ শীলের ‘মেঘতাড়–য়া’, আবুল কালাম বেলালের ‘আয়রে সুবজ আয়রে অবুঝ’।
এছাড়াও গল্প বই তপন বাগচীর ‘সাত দিনের সাতকাহন’, নীলুফার বেগম নীলুর ‘দিন রাত্রির গল্প’ জীবনী গ্রন্থ অসীম সাহার ‘হেনরী ডিরোজিও’ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ সাহিদা বেগমের ‘মুক্তিযুদ্ধের গল্প শোন’ ইত্যাদি উল্লেখযোগ্য।
চলন্তিকা বইঘরের বিক্রেতা মো. আলী বলেন, “পুরোনো বইয়ের পাশাপাশি এবছর ৩০টি নতুন বই এসেছে। এর মধ্যে শিশুদের বর্ণমালা শেখার বই আছে ৬টি। তিনটি পড়ার জন্য আর তিনটি লেখার জন্য।”
ক্ষুদে পাঠকদের জন্য এবছর ১৮টি নতুন বই নিয়ে এসেছে শিশু প্রকাশনা সংস্থা হাট্টিটি।
শিশুদের জন্য ১০টি নতুন বই নিয়ে এসেছে মুক্তধারা প্রকাশনী। তাদের প্রকাশিত বইগুলোর মধ্যে উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ‘টুনটুনির বই’, সৈয়দ আলী আহসানের ‘মধুসূদন কবিকৃতি ও কাব্যদর্শন’, তিতাশ চৌধুরীর ‘রাখালী ও নকশী কাঁথার মাঠ’, মোতাহার হোসেন সুফীর ‘রঙপুরের নাট্যচর্চার ইতিহাস’।
চাহিদার শীর্ষে রয়েছে সত্যেন সেন এর গল্পগ্রন্থ ‘পাতাবাহার’, উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ‘টুনটুনির বই’ এবং পীথাগোরাস, সক্রেটিস, আর্কিমিডিস, আব্রাহাম লিংকন, মাহাত্মা গান্ধীসহ বিভিন্ন মনিষীর জীবন নিয়ে খান কলিমুল্লাহর ‘মৃত্যুহীন প্রাণ’।
বৃহস্পতিবারের বই
বইমেলার ষোড়শতম দিন বই প্রকাশিত হয়েছে মোট ১৩৪টি। এর মধ্যে গল্প ১৬টি, উপন্যাস ২৬টি, প্রবন্ধ ১০টি, কবিতা ২৮টি, গবেষণা ৫টি, ছড়া ৪টি, শিশুতোষ ৪টি, জীবনী ৫টি, মুক্তিযুদ্ধ বিষয়ক ৪টি, নাটক ২টি, বিজ্ঞান ৩টি, ভ্রমণ ২টি, ইতিহাস ২টি, রাজনীতি ১টি, স্বাস্থ্য ২টি, রম্য রচনা ১টি, ধর্মীয় ২টি, অনুবাদ ২টি, বৈজ্ঞানিক কল্পকাহিনী ২টি, অন্যান্য ১৩টি।
এর মধ্যে প্রকাশনা সংস্থা মূর্ধন্য থেকে প্রকাশিত রবীন্দ্র স্মারকগ্রন্থ ভূঁইয়া ইকবালের ‘রবীন্দ্রনাথ : ‘তাঁর চিঠি, তাঁকে চিঠি’, রফিকুর রশীদের ‘রবীন্দ্রনাথ : ‘পত্রপুট’, আদর্শ প্রকাশ থেকে আল মাহমুদের আত্মজীবনীমুলক গ্রন্থ ‘কবির মুখ’, মিজান পাবলিশার্স থেকে মো. মনিরুজ্জামানের ইতিহাসের বই ‘বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য’, জিনিয়াস পাবলিকেশন্স থেকে ফরিদুর রেজা সাগরের মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ ‘ক্ষুদেরী পুরুষ ও মুক্তিযুদ্ধের গল্প’, অন্য প্রকাশ থেকে ডা. সজল আশফাকের স্বাস্থ্য বিষয়ক বই ‘প্রেসক্রিপশন প্রতিদিন’, নবরাগ প্রকাশনী থেকে শামসুজ্জামান খানের ‘আধুনিক ফোকলোর চিন্তা’, সুলেখা প্রকাশনী থেকে হাসান হাফিজের শিশুতোষ গ্রন্থ ‘নির্বাচিত ১২টি রূপকথা’, হাক্কানী পাবলিশার্স থেকে নুরুল ইসলাম নাহিদের ‘বাংলাদেশের অভ্যুদয় ও গণতন্ত্রের পথ পরিক্রমা’, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট থেকে দুলাল চন্দ্র বিশ্বাসের সম্পাদনায় ‘দুর্যোগ সাংবাদিকতা’ ইত্যাদি।
বৃহস্পতিবার মোড়ক উন্মোচিত হয় মোট ১৯টি বইয়ের। এর মধ্যে প্রকাশনা সংস্থ্যা মূর্ধন্যর পাঁচটি রবীন্দ্র স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/পিডি/২৩১৭ ঘ.
bdnews24