ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে কয়েকদিন আগে গুলি করে ছিনিয়ে নেওয়া ২৮ লাখ টাকার এক লাখ টাকাসহ তিন জনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- শিমুল ব্যাপারী (২০), সাগর হোসেন (২২) ও জয়নাল আবেদীন রাজু (২৫)।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গল ও বুধবার রাজধানীর সূত্রাপুর, ঢাকার কেরানীগঞ্জ ও শরীয়তপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ৬ ফেব্র“য়ারি এ্যালিফ্যান্ট রোডে এনসিসি ব্যাংক থেকে টাকা উঠিয়ে বেরিয়ে রাস্তায় আসার পর স্থানীয় ‘চিকস্ অ্যান্ড ফিড্স্ লিমিটেড’র কর্মকর্তা আমজাদ আলী রাসেল ও শহিদুল আলমকে গুলি করে ২৮ লাখ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
উদ্ধার হওয়া এক লাখ ২৩ হাজার টাকা ওই টাকার অংশ বলে দাবি করেছে পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ছিনতাইয়ের ঘটনাটি সাগর ও পলাতক আসামি সুলতানের নেতৃত্বে হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২২৫৮ ঘ.
bdnews24