ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধে ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন’ সংসদে পাস হয়েছে।
বিলে সন্ত্রাসী কর্মকাণ্ডে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও সন্ত্রাসী কাজে অর্থায়নের জন্য সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড বা যাবজ্জীবন ও জরিমানার বিধান রাখা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন।
সংসদ অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার শওকত আলী বিলটি পাসের জন্য ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিলটি পাসের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
২০০৯ সালে প্রণীত আইনে সংশোধন এনে এ বিল পাস করা হলো। এ সংশোধন গত বছরের ১৮ ডিসেম্বর মন্ত্রিসভার অনুমোদন পায়। এরপর ২৬ ডিসেম্বর চূড়ান্তভাবে সংশোধিত বিলটি মন্ত্রিসভার অনুমোদন নিয়ে তা অধ্যাদেশ আকারে (সংসদ অধিবেশন চালু না থাকায়) জারি করা হয়।
‘সন্ত্রাস বিরোধী আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০১২’কে আইনে রূপ দিতে গত মঙ্গলবার সংসদে উপস্থাপন করা হয়।
অধ্যাদেশ জারির পর তা পরবর্তী সংসদ অধিবেশনে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। দ্বাদশ অধিবেশনের ৩০ দিনের মধ্যে উপস্থাপন করে অধ্যাদেশটি পাস না করলে তা কার্যকারিতা হারাত।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী কার্যক্রমের ধরণ ও প্রকৃতি পরিবর্তনের কারণে বিশেষ করে সন্ত্রাসী কার্যক্রমে অর্থ যোগানের অপরাধ বিষয়ে বর্তমান সন্ত্রাসবিরোধী আইনে সুস্পষ্ট বর্ণনা না থাকায় এ ধরনের অপরাধ নিরসনে যথেষ্ট নয়।
এতে বলা হয়, বর্তমান আইনে শুধু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাচারের বিষয়ে উল্লেখ থাকলেও ব্যাংক ছাড়া অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যম সম্পর্কে কিছু উল্লেখ নেই।
“সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যাংকিং চ্যানেল ছাড়াও অর্থ লেনদেন কার্যক্রমের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান/সংস্থাকে অন্তর্ভুক্তসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পদ বা অর্থ ব্যবহার নিরুৎসাহিত করা ও কার্যকর প্রতিরোধের উদ্দেশ্যে পালের্মো কনভেনশনের আলোকে শাস্তির মেয়াদ বাড়িয়ে আইনটি সংশোধন প্রয়োজন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/২১৪১ ঘ.
bdnews24