বাগেরহাট, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে বাঘের আক্রমণে এক তান্ত্রিকের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশনের ঘাঘরামারি খাল সংলগ্ন বনে এ ঘটনা ঘটে।
নিহত মো: ওমর ফারুকের (৪৫) গ্রামের বাড়ি শেরপুর জেলার দাড়িয়াছেড়া গ্রামে।
সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, ওমর ঘাঘরামারী খাল সংলগ্ন খুলনা জেলার দাকোপ উপজেলার ভোজনখালী গ্রামে একা থাকতেন এবং বনদেবী সাধনা করতেন।
বুধবার সন্ধ্যায় তিনি তন্ত্র সাধনার জন্য ঘাঘরামারি খাল পার হয়ে অবৈধভাবে সুন্দরবনে ঢোকেন এবং সাধনায় বসেন। এ সময় একটি বাঘ তার ওপর হামলা চালায়।
তার চিৎকারে গ্রামবাসী ও বনকর্মীরা তাকে উদ্ধার করার আগেই বাঘের আক্রমণে তিনি মারা যান।
নিহতের গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়েছে বলে জানান মিহির কুমার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৯২৭ ঘ.
bdnews24