২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষার মাসেই চলে গেলেন আবুল কাশেম

যকৃতের ক্যান্সারে আক্রান্ত ভাষা সৈনিক মো. আবুল কাশেম মারা গেছেন। শেরপুরের এই রাজনীতিবিদের বয়স হয়েছিল ৮৪ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 03:34 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

শেরপুর, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যকৃতের ক্যান্সারে আক্রান্ত ভাষা সৈনিক মো. আবুল কাশেম মারা গেছেন। শেরপুরের এই রাজনীতিবিদের বয়স হয়েছিল ৮৪ বছর। আবুল কাশেমের মেয়ে কামরুন্নাহার কলি জানান, ঢাকার পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৩টা ১০ মিনিটে মারা যান তার বাবা। গুরুতর অসুস্থ অবস্থায় গত শনিবার তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) শেরপুর জেলা সভাপতি আবুল কাশেম ছিলেন জেলার সব গণতান্ত্রিক আন্দোলনের একজন প্রথম সারির নেতা। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতেও তিনি সোচ্চার ছিলেন। ঢাকা নিয়ে যাওয়ার আগে শনিবার সকালে এ ভাষা সৈনিক অস্পষ্ট স্বরে সাংবাদিকদের বলেন, “সারাজীবন মানুষের জন্য কাজ করেছি এবং সুখে-দুঃখে তাদের পাশে ছিলাম।” “এই মুহূর্তে আমার প্রত্যাশা দেশবাসী ঐক্যবদ্ধ থেকে যুদ্ধাপরাধীদের সব ষড়যন্ত্রের মোকাবেলা করুক। আমি যুদ্ধাপরাধীদের ঘৃণা করি, ঘৃণা করবই।” তার মেয়ে কলি জানান, গত বেশ কিছুদিন ধরে শেরপুর পৌরসভার কসবা কাঠগড় এলাকার বাড়িতে আবুল কাশেমের চিকিৎসা চলছিল। যকৃতের ক্যান্সার ছাড়াও শ্বাসকষ্ট ও ফুসফুসে জটিলতায় ভুগছিলেন তিনি। শেষের দিনগুলোতে তিনি কিছু খেতে পারছিলেন না, কণ্ঠস্বরও ক্ষীণ হয়ে এসেছিল। আবুল কাশেমের চার ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড় মো. সাইফুল ইসলাম জানান, মরদেহ ঢাকা থেকে শেরপুরে আনার পর দুপুরে শহীদ মিনারে লাশ রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। আসরের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশে দাফন করা হবে এই ভাষা সৈনিককে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯২০ ঘ.