২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীর বিচারে আন্তঃরাষ্ট্রীয় সহায়তা আইন পাস

সন্ত্রাসী কাজের বিচার করতে আন্তঃরাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত লক্ষ্যে ‘অপরাধ সম্পর্কিত বিষয়ে পারষ্পরিক সহায়তা আইন, ২০১২’ বিল সংসদে পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 11:41 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী কাজের বিচার করতে আন্তঃরাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত লক্ষ্যে ‘অপরাধ সম্পর্কিত বিষয়ে পারষ্পরিক সহায়তা আইন, ২০১২’ বিল সংসদে পাস হয়েছে। বুধবার জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। অপরাধের মাধ্যমে অর্জিত বা সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত বা সন্ত্রাসী সম্পত্তি আটক সম্পর্কিত বিষয়সহ অপরাধ অনুসন্ধান, প্রসিউকিশন ও বিচারিক কার্যক্রম পরিচালনার জন্যে আন্তঃরাষ্ট্রীয় সহায়তা আদান-প্রদানের কথা বলা হয়েছে বিলে। স্পিকার আবদুল হামিদ তা ভোটে দিলে কণ্ঠভোটে বিলটি পাস হয়। গত রোববার বিলটি সংসদে উপস্থাপন করা হয়। তিন কার্য দিবসের মধ্যে স্থায়ী কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে আইনমন্ত্রী জানান, অপরাধমূলক কাজের মাধ্যমে অর্জিত বা সন্ত্রাসী কাজের সঙ্গে সম্পৃক্ত অথবা সন্ত্রাসী সম্পত্তি আটক সম্পর্কিত বিষয়ে অনুসন্ধান, প্রসিকিউসন এবং বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য আন্তঃরাষ্ট্রীয় সহায়তা প্রদান ও গ্রহণের জন্য মূলত এ আইন প্রণয়ন করা প্রয়োজন। বিলে বলা হয়, অপরাধ সম্পর্কিত পারষ্পরিক সহায়তা প্রদান সংক্রান্ত কোনো আইন আমাদের দেশে নেই। বর্তমানে বিশ্বায়নের প্রেক্ষাপটে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে, যার প্রেক্ষিতে এ বিষয়ে আন্তঃরাষ্ট্রীয় সমস্যা দেখা দিয়েছে। “এ আন্তঃরাষ্ট্রীয় সমস্যা সমাধান অর্থাৎ কোনো অপরাধের বিচার, তদন্ত বা বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য এবং আন্তঃরাষ্ট্রীয় সহায়তা আদান প্রদানে বিলটি প্রস্তুত করা হয়েছে। বিলের খসড়া প্রণয়নে মডেল ট্রিটি অন মিউচুয়াল অ্যাসিসট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্স (এডপটেড বাই জেনারেল অ্যাসেম্বলি) এবং সার্ক কনভেনশন অন মিউচুয়াল অ্যাসিসট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার্সের নীতিগুলো অনুসরণ করা হয়েছে।” মন্ত্রী জানান, অপরাধ সম্পর্কিত বিষয়ে আন্তঃরাষ্ট্রীয় পারষ্পরিক সহায়তার ক্ষেত্রে ব্যক্তির সন্ধান করা বা সনাক্ত করা, কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণ বা বক্তব্য গ্রহণ করা; বিদেশি আদালতের প্রসেস জারি করা, সংশ্লিষ্ট বিষয়ে মূল বা সার্টিফায়েড ডকুমেন্ট, রেকর্ড এবং তথ্য সরবরাহ করা যার মধ্যে ব্যাংক, আর্থিক, কর্পোরেট বা ব্যবসায়িক রেকর্ডও অন্তর্ভুক্ত হবে। তদন্তে সহযোগিতা বা সাক্ষ্য দেওয়ার জন্য আটককৃত বা অন্য কোনো ব্যক্তিকে সহজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করা, অনুসন্ধান এবং বাজেয়াপ্তকরণ বা গ্রেপ্তার এবং এ আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্য যে কোনো ধরনের সহযোগিতা বা পারস্পরিক সম্মতির মাধ্যমে রাষ্ট্রগুলো দিতে সম্মত হয়- সে বিষয়গুলো বিলে অন্তর্ভুক্ত হবে। তবে পারস্পরিক সহায়তার ক্ষেত্রে বহিঃসমর্পণের (এক্সট্রাডিশন) উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে আটক বা আটকাবস্থায় রাখা; শাস্তি দেওয়ার জন্য জেল হাজতে থাকা (কাস্টডি) কোনো ব্যক্তিকে হস্তান্তর করা; বাংলাদেশের আদালতে বিচারাধীন বিষয়ে হস্তান্তর এবং সামরিক আইনের অধীন অপরাধ, যা সাধারণ ফৌজদারি আইনের আওতায় করা অপরাধ নয়- ইত্যাদি প্রযোজ্য হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/১৭৪১ ঘ.