২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মত প্রকাশে অন্যের ক্ষতি যেন না হয়’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভায় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে মত প্রকাশের স্বাধীনতা চর্চার ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার ওপর জোর দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 09:21 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভায় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে মত প্রকাশের স্বাধীনতা চর্চার ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার ওপর জোর দেওয়া হয়েছে। বুধবার আর সি মজুমদার মিলনায়তনে ‘সামাজিক মাধ্যমের স্বাধীনতা ও দায়িত্ব’ শীর্ষক ওই সভা আয়োজন করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। সভায় বক্তারা ফেইসবুক, টুইটার, ইউটিউব ও ব্লগসহ সামাজিক গণমাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহারকারীদেরই সচেতন থাকার পরামর্শ দেন। ব্যারিস্টার তানজিব উল আলম বলেন, “সামাজিক গণমাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে সচেতন হতে হবে। এই মাধ্যমে ব্যক্তি আক্রমণ হয় বেশি। আমাদের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারের কথা রয়েছে। কিন্তু কোনো মানুষের অধিকার খর্ব হয় এমন কাজ করা যাবে না।” সংবিধানে মত প্রকাশের স্বাধীনতার রয়েছে উল্লেখ করেই তিনি বলেন, “তবে মত প্রকাশের মাধ্যমে যাতে অন্যর কোনো ধরনের ক্ষতি না হয়, সে দিকে প্রত্যেক নাগরিকদের সচেতন হতে হবে।” সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহমিদুল হক। তিনি বলেন, “আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে বির্তক উঠেছে। সামাজিক মাধ্যমের কল্যাণে এই সব বিষয় সহজেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এর ফলে সমাজের মানুষের মাঝে অবাধ তথ্য প্রবাহ শুরু হয়েছে।” “অন্যদিকে সামাজিক গণমাধ্যমের অপব্যবহারের ফলে কিছু অপরাধ প্রবণতার বহিঃপ্রকাশও ঘটছে। এর ফলে বিভিন্ন দেশে সামাজিক গণমাধ্যমের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে সরকার,” বলেন তিনি। সামাজিক যোগাযোগের তথ্যপ্রাযুক্তিক মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের আগাম প্রতিবাদ জানিয়ে সাংবাদিক শওকত হোসেন মাসুম বলেন, “প্রত্যেক গণমাধ্যমের একটি নিজস্ব নীতিমালা আছে। আইন করে সামাজিক গণমাধ্যম বন্ধ করা যাবে না। যদি গণমাধ্যম ব্যবহারকারীরা সচেতন না হয়, তবে আইন করে কোনো লাভ হবে না।” বিভাগের অধ্যাপক গোলাম রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভায় অংশ নেন বিভাগের সভাপতি অধ্যাপক গীতি আরা নাসরিন, সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, প্রভাষক সাইফুল আলম চৌধুরী ও সাইফুল হকসহ শিক্ষার্থীরা। আলোচনা সভার শুরুতেই মাছরাঙা’র বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই দম্পতি গত শনিবার ভোররাতে খুন হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২০ ঘ.