২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় ২ সপ্তাহে বই প্রকাশে রেকর্ড

আগের যে কোনো সময়ের তুলনায় এবারের একুশে বইমেলায় প্রথম দুসপ্তাহে রেকর্ড সংখ্যক বই প্রকাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 03:12 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের যে কোনো সময়ের তুলনায় এবারের একুশে বইমেলায় প্রথম দুসপ্তাহে রেকর্ড সংখ্যক বই প্রকাশ হয়েছে। বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী, এবার প্রথম দুসপ্তাহে নতুন এক হাজার সাতশ ৪৩টি বই মেলায় এসেছে। ২০১১ সালে এই সংখ্যা ছিলো এক হাজার তিনশ ৭৭। ২০১০ সালে প্রথম দুসপ্তাহে বই প্রকাশ হয়েছিল এক হাজার ছয়শ ৪৯টি। ২০০৯ সালে এই সংখ্যা ছিলো এক হাজার ২শ ৯৬, ২০০৮ সালে এক হাজার একশ ৭১, ২০০৭ সালে আটশ ৪৪ এবং ২০০৬ সালে এক হাজার ২২টি। লোক বেশি, বিক্রি কম মেলার চতুর্দশ দিনে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে লোক সমাগম বেশি হলেও বিক্রি তেমন বাড়েনি বলে জানান কয়েকজন প্রকাশক ও স্টলকর্মী। প্রকাশনা সংস্থা ঐতিহ্য’র কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আমজাদ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভালোবাসা দিবস উপলক্ষে যেরকম বিক্রি হবে আশা করেছিলাম সেরকম বিক্রি হয়নি।” এ বিষয়ে মিজান পাবলিশার্সের স্টলের দায়িত্বে থাকা মাসুদ রানা বলেন, “লোক অনুপাতে বিক্রি আহামরি নয়। বিশেষ দিনে লোকজন ঘুরতেই এসেছে। কেনাকাটার দিকে মনোযোগ কম।” মেলায় ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা বলেও একই চিত্র পাওয়া যায়। নবাবপুর থেকে আসা ব্যাংক কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, “ভালোবাসা দিবসে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। বই দেখছি, তবে বন্ধুদের সঙ্গে দেখা হবে এটাই আজকের আসল উদ্দেশ্য।” ‘ পছন্দ হলে কিনেও ফেলতে পারি’ লিটল ম্যাগাজিন চত্বরে এবং মেলার পিছনে একাডেমীর ক্যাফেটরিয়ার কাছে পুকুর পাড়ে অনেককে একসঙ্গে আড্ডা দিতে দেখা গেছে। পুকুর পাড়ে কথা হয় মিরপুর থেকে আসা শুভ্রা, কঙ্কন, রনি, রাকিবের সঙ্গে। তারা বলেন, “আমরা চার বন্ধু এসেছি। আরো কয়েকজনের এখানে আসার কথা আছে। আড্ডা দেব, বই দেখব। বই পছন্দ হলে কিনেও ফেলতে পারি।” মঙ্গলবারের বই মঙ্গলবার মেলায় একশ ৩২টি নতুন বই এসেছে। এর মধ্যে গল্প ১২টি, উপন্যাস ২৫টি, প্রবন্ধ সাতটি, কবিতা ২৮টি, গবেষণা তিনটি, ছড়া সাতটি, শিশু সাহিত্য আটটি, জীবনী তিনটি, বিজ্ঞানভিত্তিক দুটি, মুক্তিযুদ্ধ বিষয়ক তিনটি, নাটক দুটি, ভ্রমণ বিষয়ক দুটি, ইতিহাস চারটি, রাজনীতি তিনটি, চিকিৎসা বিষয়ক একটি, রম্যরচনা চারটি, অনুবাদ তিনটি এবং অন্যান্য ১৫টি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- বর্ষা দুপুর থেকে প্রকাশিত আব্দুল মান্নান সৈয়দের অনুবাদে ‘বিদেশি প্রেমের কবিতা’, মূর্ধন্য প্রকাশনী থেকে রবীন্দ্র স্মারক গ্রন্থমালার নতুন পাঁচটি বই, বিভাস প্রকাশন থেকে আসাদ চৌধুরীর ‘নির্বাচিত ১০০ কবিতা’, প্রকাশনা সংস্থা আবিষ্কার থেকে বেবী মওদুদের ‘পটুর জন্য ছড়া ও গান’, কথা প্রকাশ থেকে সেলিনা হোসেনের ‘খুন ও ভালোবাসা’, সময় প্রকাশন থেকে ধ্র“ব এষের উপন্যাস ‘শঙ্খনীল দাস স্মরণ সংখ্যা’ এবং নিউ শিখা প্রকাশনী থেকে আহমদ রফিকের ‘ছোটদের ভাষা আন্দোলনের ইতিহাস’। মোড়ক উন্মোচন মঙ্গলবার বিকালে মেলার নজরুল মঞ্চে মোট ১৫টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এর মধ্যে আকাশ প্রকাশনী থেকে আসা তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন সাবেক সামরিক শাসক এইচএম এরশাদ। এছাড়া মূর্ধন্য প্রকাশনীর রবীন্দ্র স্মারক গ্রন্থমালার পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করেন হায়াৎ মামুদ। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার বিকালে বইমেলার মূল মঞ্চে আলোচনা অনুষ্ঠানে ‘একুশের গান’ শিরোনেম প্রবন্ধ পড়েন কবি আবুবকর সিদ্দিক। এছাড়া ‘শহীদ মিনারের স্থাপত্য : হামিদুর রহমান’ শিরোনামে প্রবন্ধ পড়েন কবি ও স্থপতি রবিউল হুসাইন এবং ‘একুশের স্থাপত্য : নভেরা আহমেদ’ শিরোনামে প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক লালারুখ সেলিম। আবুবকর সিদ্দিক একুশের গানগুলোকে সংরক্ষণে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “একুশের গান বাংলা সঙ্গীতে নতুন ধারার জন্ম দিয়েছে। তবে একুশের অনেক গান হারিয়ে যাচ্ছে। এগুলো দ্রুত সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করতে হবে।” স্থপতি রবিউল হুসাইন বলেন, “শহীদ মিনার নির্মাণে হামিদুর রহমান যে নকশা প্রণয়ন করেছিলেন তা এখনও পূর্ণতা পায়নি। ঐতিহাসিক প্রয়োজনেই শহীদ মিনারের মূল নকশার যথাযথ বাস্তবায়ন প্রয়োজন।” লালারুখ সেলিম বলেন, “শহীদ মিনারের অন্যতম স্থপতি ছিলেন নভেরা আহমেদ। কিন্তু আজ সে নামটি বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে। একুশের চেতনার সঙ্গে বিষয়টি সাংঘর্ষিক।” সঙ্গীত বিশেষজ্ঞ আবদুশ শাকুরের সভাপতিত্বে সেমিনারে আলোচনা করেন শিল্প-সমালোচক মইনুদ্দিন খালেদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ফেরদৌস আরা, মহিউজ্জামান চৌধুরী, আজিজুর রহমান তুহিন, শ্যামা সরকার, নবীন কিশোর, থু চিং প্র“সহ আরো কয়েকজন শিল্পী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/আরআরডি/পিডি/২১০৬ ঘ.