ফরিদপুর, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর সদরের আটরশিতে মঙ্গলবার বিশ্ব জাকের মঞ্জিলের ওরসের শেষ দিনে পদদলিত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন নরসিংদীর বেলাবো উপজেলার চরকাশেম নগর গ্রামে আমেনা খাতুন (৬০) এবং মনোহরদীর বাসুলিকান্দি গ্রামের সুফিয়া বেগম (৫৫)। সম্পর্কে এরা নিকটাত্মীয় বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি মোহাম্মদ আলী বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আখেরি মোনাজাত শেষে দুপুর ১টার দিকে বাসে ওঠার সময় প্রচণ্ড ভীড়ে পদদলিত হয়ে দুই মহিলার মৃত্যু হয়েছে।
নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ব জাকের মঞ্জিলে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চার দিনের বার্ষিক ওরস শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন পীরজাদা মাহফুজুল হক এবং মোস্তফা আমির ফয়সাল। মোনাজাতে দেশ-বিদেশের কয়েক হাজার ভক্ত-মুরিদ অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৯০৭ ঘ.
bdnews24