ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পুলিশে স্পেশাল ফোর্স নামে কোনো ফোর্স নেই। তবে মেরিন পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ন্যাশনাল পুলিশ ব্যুরো অব কাউন্টার টেররিজম নামে তিনটি বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাব প্রক্রিয়াধীন।
মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে র্যাব, এপিবিএন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাইওয়ে পুলিশ ও নবগঠিত সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন নামে বিশেষায়িত ইউনিট রয়েছে। এসব বিশেষায়িত ইউনিটের দেশে-বিদেশে উন্নত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিকাল পৌনে ৫টায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে স্পিকার প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়েছে বলে জানান।
আইনে ‘গুম’ বলে শব্দ নেই
আইনের ভাষায় গুম বলে কোনো শব্দ নেই- সাহারা খাতুন সংসদে এ তথ্য জানান নোয়াখালী-১ আসনের বিএনপিদলীয় সাংসদ এ এম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে।
তিনি বলেন, তবে এ সরকারের মেয়াদে দণ্ডবিধির ৩৬৪/৩৬৫ ধারার সংজ্ঞা অনুযায়ী ৫৩৭ জন ব্যক্তি অপহৃত হয়েছে। এর মধ্যে ৪৮০ জনকে উদ্ধার করা হয়েছে।
“বাকিদের অবস্থান নির্ণয় করে উদ্ধারের চেষ্টা চলছে।”
বিএনপিদলীয় আরেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত বছর ১২৭ জন ব্যক্তি অপহৃত হয়। এর মধ্যে ১০৭ জন উদ্ধার হয়।
এ সংক্রান্ত ৬৮টি মামলার তদন্ত নিষ্পত্তি হয়েছে, তদন্তাধীন রয়েছে ১৭টি।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৫১ ঘ.
bdnews24