২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রমে ভাংচুরের দ্বিতীয় মামলাতেও সাকার জামিন

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় গাড়ি ভাংচুরের দ্বিতীয় মামলাতেও জামিন পেয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 06:01 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় গাড়ি ভাংচুরের দ্বিতীয় মামলাতেও জামিন পেয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে নতুন দিন রাখা হয়েছে ৭ মার্চ। ভাংচুরের আরেকটি মামলায় ওইদিনই তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা। মঙ্গলবার সকালে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপির স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন কাদেরকে চট্টগ্রামের আদালতে হাজির করার পর তার জামিন আবেদনের ওপর শুনানি হয়। পরে জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া অভিযোগ গঠনের শুনানি শুরুর আগ পর্যন্ত জামিন দেন তাকে। সালাউদ্দিন কাদেরের আইনজীবী আহসানুল হক হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার এ মামলার অভিযোগ গঠনের শুনানি শুরুর কথা থাকলেও তা ৭ মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। “এছাড়া ৫০ হাজার টাকা মুচলেকায় অভিযোগ গঠনের আগ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে তাকে।” এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে থাকা অপর ছয় আসামি জহিরুল ইসলাম, মো. সাহাবউদ্দিন, আলমগীর মাহফুজ, আবুল হাশেম রাজু, কাজী সালাউদ্দিন ও কাজী ফরিদউদ্দিনও এদিন আদালতে হাজিরা দেন। সাকা চৌধুরীকে সকালে কঠোর নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এসময় তার কয়েকশ অনুসারী আদালত প্রাঙ্গণে মিছিল করলে পুলিশ ১৬ জনকে আটক করে। এদিকে এ মামলার অভিযোগপত্র থেকে বাদ পড়া উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আট আসামির বিষয়ে পুনঃতদন্তের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদপড়া আটজনের বিরুদ্ধে অভিযোগ থাকার পরও অভিযোগপত্র থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। এ কারণেই বিষয়টি পুনঃতদন্তের জন্য আদালতে আবেদন করেছি। আগামী ৭ মার্চ এ বিষয়েও শুনানি হবে বলে জানান তিনি। ২০১০ সালের ৭ নভেম্বর সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও ছলিমপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি আলাদা স্থান অবরোধ করে একটি লরি, একটি কভার্ড ভ্যান ও একটি ট্রাকে ভাংচুর চালায় এই বিএনপি নেতার অনুসারীরা। ওই ঘটনায় পুলিশ চার জনকে গ্রেপ্তার করে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে ‘কথিত’ হয়রানির প্রতিবাদে তার সমর্থকরা এ ভাংচুর চালায় বলে পুলিশ সে সময় জানিয়েছিল। এ ঘটনায় পুলিশ দুটি মামলা করে। বিশেষ ক্ষমতা আইনে করা মামলা দুটিতে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য নাশকতা সৃষ্টির অভিযোগ আনা হয় বিরোধী দলের এই সংসদ সদস্যের বিরুদ্ধে। গত ৬ ফেব্র“য়ারি ছলিমপুরের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে জামিন দেয় আদালত। আগামী ৭ মার্চ এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরুর কথা রয়েছে। একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগেও সংসদ সদস্য সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে। সীতাকুণ্ডের মামলায় হাজিরার জন্য সোমবার সন্ধ্যায় তাকে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১১৫০ ঘ.