২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা গার্জিয়ানলেস’

দুপুর সাড়ে ১২টায় প্রথম জানাজার পর হুমায়ুন ফরীদির লাশ বহনকারী গাড়িটি তখন কেবল তার ধানমণ্ডির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় স্টার কাবাবের পাশেই এক পান দোকানদার পান বানাতে বানাতে গুন গুন করে গেয়ে উঠলেন, ‘তেল গ্যালে ফুরাইয়া, বাত্তি যায় নিভিয়া, কী হবে আর কান্দিয়া,,,,’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 06:36 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুপুর সাড়ে ১২টায় প্রথম জানাজার পর হুমায়ুন ফরীদির লাশ বহনকারী গাড়িটি তখন কেবল তার ধানমণ্ডির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় স্টার কাবাবের পাশেই এক পান দোকানদার পান বানাতে বানাতে গুন গুন করে গেয়ে উঠলেন, ‘তেল গ্যালে ফুরাইয়া, বাত্তি যায় নিভিয়া, কী হবে আর কান্দিয়া,,,,’। এটি প্রায় দুই দশক আগে ফরীদি অভিনীত ‘ত্যাগ’ ছবির একটি গান। সৈয়দ আবদুল হাদীর কণ্ঠের এই গানটিতে ফরীদি নিজেই ঠোঁট মিলিয়েছিলেন। মঞ্চাভিনয় দিয়ে যার শুরু, সেই ফরীদি যে চলচ্চিত্রে অভিনয় করে ওই পান দোকানির মতো খেটে খাওয়া মানুষেরও প্রিয় ছিলেন, তার প্রমাণ মিললো বাড়ির সামনে লুঙ্গি-জামা পরা মানুষের ভিড় দেখে। সোমবার সকালে পৃথিবী থেকে বিদায় নেওয়া পর্দার মানুষটিকে শেষবারের মতো দেখার জন্য ধানমন্ডির বাসার সামনে লাইন করে দাঁড়িয়ে ছিলেন দিনমজুর আনসার, ফরহাদ এবং রমিজ। স্থানীয় কেবল লাইনের মিস্ত্রি জামাল তো বলেই ফেললেন, “বাংলাদ্যাশের ১৮ কোটি মানুষ আইজ গার্জিয়ানলেস হইল।” এরপর রামপুরা টেলিভিশন ভবনে দ্বিতীয় জানাজা শেষে ফরীদির মরদেহ এফডিসিতে পৌঁছানোর আগেই মূল ফটকে শত শত মানুষের ভিড়। দেশের বাণিজ্যিক চলচ্চিত্রে অধিকাংশ ক্ষেত্রে খল চরিত্রে অভিনয় করেও এভাবেই মানুষের মনের মনিকোঠায় ঠাঁই নিয়েছিলেন হুমায়ুন ফরীদি। মঞ্চ, টেলিভিশন, মূলধারার চলচ্চিত্র কিংবা বিকল্পধারা সবখানেই তিন দশক ধরে ফরীদির ‘বুদ্ধিদীপ্ত, সাবলীল’ অভিনয় সমাজের সর্বস্তরের মানুষের মনে আলো ছড়িয়েছে বলে তার সহকর্মীরা বলেন। ফরীদির ‘আবিষ্কর্তা’ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৭৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল নাটক প্রতিযোগিতায় ফরীদি ‘আত্মস্থ আগুনে’ নাটকটি এনেছিলো। বিচারক হিসাবে আমি এবং আতাউর রহমান সেটাকে শ্রেষ্ঠ ঘোষণা করি।” এই সূত্র থেকেই ঢাকা থিয়েটারের ‘শকুন্তলা’ নাটকের তক্ষক চরিত্রের মধ্য দিয়ে ফরীদির মঞ্চে অভিষেক। “এরপর ফনীমনসা, কীত্তনখোলা, কেরামতমঙ্গল, টেলিভিশন নাটক ‘নিখোঁজ সংবাদ’, ‘জীবনে জীবন’ তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়,” বলেন বাচ্চু। ফরীদির অভিনয় প্রতিভা বর্ণনা করতে গিয়ে বাচ্চু বলেন, কীত্তনখোলার ছায়ারঞ্জণ কিংবা টেলিভিশন নাটক ‘ভাঙনের শব্দ শুনি’র সিরাজ তালুকদার এর সেই বিখ্যাত সংলাপ ‘আমি জমি কিনি না, পানি কিনি...’ আজও মানুষের মুখে মুখে ফেরে। “এমনকি পশ্চিমবঙ্গের বিখ্যাত নাট্যকার শম্ভু মিত্রও কেরামতমঙ্গলে ফরীদির অভিনয় দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন, এই তরুণ অভিনেতাটি কে বল তো?” তবে প্রথম টেলিভিশন নাটকে ফরীদি ব্যাপক সমালোচনার মুখে পড়েন বলে জানান বাচ্চু। “সমালোচকদের বক্তব্য ছিলো ওর (ফরীদি) চেহারা টেলিভিশন নাটকের উপযোগী না। আমি তখন বলেছিলাম, ফরীদি ওর বুদ্ধিদীপ্ত, সাবলীল অভিনয় দিয়েই এর উত্তর দেবে, আর তা দিয়েছেও,” বলেন তিনি। ফরীদিকে দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনের অগ্রগণ্য সৈনিক বললেন চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৯৮৫ সালে ‘হুলিয়া’সহ যে দুটি ছবি নিয়ে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলন শুরু হয়েছিল, ফরীদি তার দুটিতেই অভিনয় করেছিলেন।” ফরীদিকে একজন ‘শক্তিশালী অভিনেতা’ আখ্যা দিয়ে তিনি বললেন, “ফরীদি তার অভিনয়ে নাটকীয় মূহূর্তগুলো তৈরি করতে পারতেন অসম্ভব সাবলীলতার সঙ্গে। অর্থের প্রয়োজনে সে মূলধারার চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়ে পড়লেও আমি জানতাম এ নিয়ে তার দুঃখবোধও কাজ করত।” সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব হাসান ইমাম একটু আক্ষেপ করেই বললেন, “তার (ফরীদি) দেওয়ার ক্ষমতা ছিলো অনেক। তার কাছ থেকে আমরা আরো কিছু পেতে পারতাম।” ফরীদি অসুস্থ হবার পর থেকে তার সঙ্গে সঙ্গেই ছিলেন হানিফ সংকেত। তিনি ফরীদিকে ‘বিরলপ্রজ অভিনেতা’ আখ্যা দিয়ে বলেন, “ফরীদির এইভাবে চলে যাওয়া আমার জন্য মেনে নেওয়া কঠিন। সে আমার শেষ পূর্ণাঙ্গ নাটকটিতেও অভিনয় করেছে। তার মতো শক্তিশালী অভিনেতা আর আসবে না।” মূলধারার চলচ্চিত্রে যার হাত ধরে ফরীদির অভিষেক সেই শহীদুল ইসলাম খোকনও হানিফ সংকেতের সঙ্গে সুর মিলিয়ে বললেন, “ওনার বিকল্প কেউ নেই। এই রকম অভিনেতা হয়ত আর একশ বছরেও আসবে না।” “নদীর এক পাড় ভাঙলে সেই পাড় আর গড়ে না। ও ছিল আমাদের চলচ্চিত্রের তেমন একটি পাড়। একজন মানুষ হিসাবে, শিল্পী হিসাবে সে ছিলো অনুসরণীয়,” বলেন চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম। বিকালে এফডিসিতে ফরীদির জানাজায় এফডিসির মহাপরিচালক ম হামিদ, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, অভিনেতা রাজ্জাক, আহমদ শরীফ, রাইসুল ইসলাম আসাদ, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালামসহ রাজনৈতিক, চলচ্চিত্র, নাটক এবং সাংস্কৃতিক অঙ্গনের অনেক পুরোধা ব্যক্তিত্ব অংশ নেন। সেখানে ছিলেন গায়ক এন্ড্রু কিশোর, অভিনেত্রী আফসানা মিমিসহ অনেকে। জানাজা শেষে ফরীদির মরদেহ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধাপর্বের পর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানাবে। দাফন কোথায় হবে এ বিষয়ে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১২৩৫ ঘ.