২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসন্তের ছোঁয়া বইমেলায়ও

মেলায় ঢোকার পথেই ছিল দীর্ঘ লাইন, যাতে দাঁড়ানো বেশিরভাগই বয়সে তরুণ। প্রায় সবার পরনেই ছিল বাসন্তি পোশাক, কারো মাথায়-গলায় হলুদ গাঁদার মালা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 04:27 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পহেলা ফাল্গুনের আবেশ সোমবার ছুঁয়ে গেছে একুশের বইমেলাকেও। মেলায় ঢোকার পথে দুপুরের পর থেকে দেখা যায় দীর্ঘ লাইন, যাতে দাঁড়ানো বেশিরভাগই বয়সে তরুণ। প্রায় সবার পরনেই ছিল বসন্তের সঙ্গে মিলিয়ে বাসন্তি পোশাক। কারো বা মাথায় গলায় হলুদ গাঁদার মালা। বিকাল ৩টায় মেলার ফটক খুলতেই দলে দলে তরুণ-তরুণীরা ঢুকতে থাকেন। কেউ এসেছেন বই কিনতে, কেউবা বন্ধুদের সঙ্গে ঘুরতে। সন্ধ্যায় বইমেলা চত্বরই হয়ে ওঠে তাদের আড্ডাস্থল। বাসন্তি রঙের সাজে বইমেলায় যাওয়া ফারজানা আক্তার তুলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ বসন্তের দিন, তাই বাসন্তি সাজ। বন্ধুদের সঙ্গে দল বেঁধে এসেছি বই মেলায়।” “তবে ভিড় একটু কম হলে আরো ভালো লাগত,” যোগ করেন তিনি। অনেককে দেখা যায় নিছক বন্ধুদের সঙ্গে সময় কাটাতেই ঋতুরাজ বসন্তের প্রথম দিনে এসেছেন বইমেলায়। মো. মারুফ হাসান নামে এমনই একজন বলেন, “বই কেনাটা আজ মুখ্য উদ্দেশ্য নয়। আজ মূলত বন্ধুদের সঙ্গে সময় কাটাব।” মেলার ‘লিটিল ম্যাগ চত্বর’টি একটু নিরিবিলি থাকায় সেখানে আড্ডা জমাতে দেখা যায় অনেককেই। সেখানে আড্ডারত মনিরুল কায়সার সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ একটি বিশেষ দিন। এ দিনে বন্ধুদের সঙ্গে তাই একটু সময় কাটাতে এলাম, বইও কিনেছি একটা।” আড্ডায় ব্যস্ত সুবর্ণা ইসলাম শর্মী বলেন, “আসলে এই ব্যস্ত শহরে বাঙালিদের বিনোদনের স্থান খুবই কম। কোথাও যে দুদণ্ড নিরিবিলি বসব, সে সুযোগ নেই। এ সুযোগটাকেই কাজে লাগাতে চেষ্টা করছি।” মেলার ত্রয়োদশ দিনের ব্যাপক ভিড়ের সঙ্গে বিক্রিতেও সন্তুষ্টি প্রকাশ করলেন বিক্রেতারা। অন্য প্রকাশের বিক্রয় প্রতিনিধি মোজাম্মেল হক শিশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দর্শক অনুপাতে ক্রেতা কিছুটা কম হলেও বিক্রি গত দিনের চেয়ে ভালো।” হুমায়ূন আহমেদের নতুন বই ‘নিউ ইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ’ প্রকাশিত হয়েছে জানিয়ে তিনি বলেন, “স্যারের ‘হিমু এবং হার্ভাড পিএইচডি বল্টু ভাই’র পাশাপাশি এ বইটিও অনেকে কিনছেন।” বিভাস প্রকাশনীর সম্পাদক রামশংকর দেবনাথ জানান, বিক্রি ভালো। একই কথা বলেন মুর্ধণ্য প্রকাশের সঞ্জয় মজুমদারও। ঐতিহ্য প্রকাশের গণসংযোগের মিছিল খন্দকার বলেন, “ঐতিহ্য আজ দুটি বই এনেছে। অন্য বইগুলির সাড়াও ভালো।” সোমবার অমর একুশে বই মেলায় মোড়ক উন্মোচন হয়েছে মোট ২২টি বইয়ের। এর মধ্যে প্রকাশনা সংস্থা মুর্ধণ্য প্রকাশিত করেছে ১০টি রবীন্দ্রনাথ স্মারকগ্রন্থ। গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমীর পরিচালক শামসুজ্জামান খান। ৪ দিন শিশুপ্রহর আগামী ১৬ (বৃহস্পতিবার), ১৭ (শুক্রবার), ২৩ (বৃহস্পতিবার) এবং ২৪ ফেব্র“য়ারি (শুক্রবার) বইমেলায় ‘শিশু প্রহর’ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলা একাডেমীর জনসংযোগ বিভাগের উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ। এই দিনগুলোতে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ চলবে। সেমিনার সোমবার বিকালে গ্রন্থমেলার মূলমঞ্চে আয়োজিত ‘জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি : রণেশ দাশগুপ্ত’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন মফিদুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে প্রবন্ধের ওপর আলোচনা করেন অধ্যাপক শফি আহমেদ, অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক জাহীদ রেজা নূর এবং অধ্যাপক সৌমিত্র শেখর। প্রাবন্ধিক মফিদুল হক বলেন, “বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে রণেশ দাশগুপ্ত পৌঁছেছেন জীবনের পূর্ণতার দিকে। বিশ শতকের অগ্নি-আভা তাকে পরিণত করেছে সোনার মানুষে। মার্কসবাদী নন্দনতত্ত্বকে তাত্ত্বিক খেরাটোপ থেকে মুক্ত করে নিয়ে গেছেন সাধারণ মানুষের কাছে। নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ ধারণ করেও তার সহিষ্ণু উদার দৃষ্টিভঙ্গী এবং জীবনাচরণ আমাদের জন্যে শিক্ষণীয়।” সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “রণেশ দাশগুপ্ত দেশভাগের বিপর্যন্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বপ্ন দেখেছেন ধর্ম-বর্ণ নির্বিশেষে জনমানুষের ঐক্যের আর নব্বই দশকে সমাজতন্ত্রের পতনের মুখে দাঁড়িয়ে ভোলেননি সাম্যবাদের স্বপ্ন। কারণ তার মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মুক্তি।” সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে থিয়েটার প্রযোজিত, সৈয়দ শামসুল হক রচিত, আব্দুল¬াহ্ আল মামুন নির্দেশিত এবং সুদীপ চক্রবর্তী নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চস্থ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২১৫৫ ঘ.