২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনদস্যু মুকুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সুন্দরবন থেকে বনদস্যু মুকুল বাহিনী প্রধান মুকুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 02:54 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

বাগেরহাট, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন থেকে বনদস্যু মুকুল বাহিনী প্রধান মুকুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে পূর্ব বিভাগের জোংড়া ক্যাম্প এলাকার বদ্দার খাল ও ঝাপসীর খাল সংলগ্ন বনে মুকুলের লাশ পাওয়া যায়। মুকুল বাগেরহাটের মংলা উপজেলার হলদিবুনিয়া গ্রামের আলী আশরাফের ছেলে। ঘটনাস্থল থেকে ১৫টি বন্দুকের তাজা গুলি, পাঁচটি গুলির খোসা ও নগদ সাড়ে ১২ হাজার টাকা উদ্ধার করে কোটস্টগার্ড ও পুলিশ। রোববার বিকালে মংলার চিলা ইউনিয়নের গাববুনিয়া গ্রামের খালে একটি ট্রলার থেকে গুলিবিদ্ধ অবস্থায় মুকুল বাহিনীর সদস্য এনামুল সরদার (৩৫) গ্রেপ্তার হন। এনামুল পুলিশকে জানান, শনিবার দুপুর ২টায় সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া ক্যাম্প এলাকায় বনদস্যু মুকুল ও অভিজিৎ বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বন্দুকযুদ্ধ হয়। এ সময় মুকুল বাহিনী প্রধান মুকুল (২৮), তার দুই সহযোগী একই গ্রামের খোকন ওরফে কয়লা খোকন (৩০) এবং গাববুনিয়া গ্রামের কাদির সর্দার (৩৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ওই ঘটনায় তিনি নিজে গুলিবিদ্ধ হন। তবে তার দাবিমতো অপর দু’জনের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার পঙ্কজ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ও কোস্টগার্ডের একটি দল আটক এনামুলকে সঙ্গে নিয়ে সুন্দরবনের জোংড়া এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু মুকুলের লাশ, ১৫ রাউন্ড বন্দুকের তাজা গুলি, পাঁচটি গুলির খোসা ও নগদ সাড়ে ১২ হাজার টাকা উদ্ধার করে। মুকুলের ডান বুক ও ডান কানে গুলিবিদ্ধ হয়েছে। তার লাশ ও বনদস্যু এনামুলকে খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। দাকোপ থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুকুলের লাশ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য খুলনায় পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০৫০ ঘ.