ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনির হত্যাকাণ্ডের ঘটনায় বাদিপক্ষকে আইনি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
সাংবাদিক দম্পতি হত্যায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে বিচার করার আহ্বানও জানায় সংগঠনটি।
সোমবার সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক মানববন্ধনে আইনজীবী সমিতির সম্পাদক মো. বদরুদ্দোজা বাদল বলেন, “খুনীরা যদি পার পাওয়ার আশা করে থাকে, সেটা ভুল প্রমাণিত হবে। সাংবাদিকরা অনেক নিগৃহিত হয়েছে, আর নয়। প্রয়োজনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনগত সহায়তা দেওয়া হবে।”
শুক্রবার গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। হত্যার ৩৬ ঘণ্টার মাথায় রোববার রুনির ভাই শেরেবাংলা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।
আইনজীবী সমিতির সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম বলেন, সাংবাদিক হত্যার তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। এ অবস্থা আর চলতে দেওয়া যায় না। যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদেরকে ধরে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।
ল’ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এম.বদি-উজ-জামানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সভাপতি স্বপন দাশ গুপ্ত, সাবেক সভাপতি ফারুক কাজী, ইংরেজি দৈনিক নিউ এজের প্রধান প্রতিবেদক শহীদুজ্জামান, ফোরামের যুগ্ম সম্পাদক মাশহুদুল হক, ফোরামের কোষাধ্যক্ষ ও দৈনিক সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক ওয়াকিল আহমেদ হিরন প্রমুখ।
দেশের আইন বিষয়ক সাংবাদিকদের এই মানববন্ধনে ফোরামের সদস্যরা ছাড়াও আইন-আদালত বিষয়ক প্রতিবেদক, সরকার ও বিরোধী দল সমর্থক আইনজীবীরা অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৯২৮ ঘ.
bdnews24