টাঙ্গাইল, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসচাপায় ছাত্রীসহ দুজন নিহত হওয়ার ঘটনায় ওভারব্রিজের দাবিতে টাঙ্গাইলের এলেঙ্গায় প্রায় দুইঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে জনতা।
এসময় পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে অন্তত ১৫ জন আহত হয়।
সোমবার সকালে লুৎফর রহমান মতিন মহিলা কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা-বঙ্গবন্ধু সংযোগ সড়ক অবরোধ করে বলে পুলিশ জানায়।
রোববার বিকালে বাস চাপয় লুৎফর রহমান মতিন মহিলা কলেজের ছাত্রী আয়েশা সিদ্দিকা রিক্তা (১৭) ও কালিহাতী উপজেলার আউলটিয়া গ্রামের ভ্যানচালক মোশারফ হোসেন (৩৫) নিহত হন। আহত হন এক শিক্ষার্থী।
এর জেরে ওইদিনই কলেজের শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তেজিত জনতা ও শিক্ষার্থীরা অবরোধ করলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুরও করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
এএসপি আরো বলেন, পরে বেলা ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ ও কালিহাতী উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী ঘটনাস্থলে গিয়ে ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।
এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিযোগ, শান্তিপূর্ণ অবরোধ চলাকালে পুলিশ লাঠিপেটা করলে অন্তত ১৫ জন আহত হয়।
এরমধ্যে একাদশ শ্রেণীর ছাত্রী পারভীন, সুমি ও তমাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪০ ঘ.
bdnews24