চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের মধ্যে সমঝোতার পর সোমবার সকাল থেকে কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে লাইটারেজ জাহাজ থেকে পণ্য খালাস শুরু করেছে ঘাট ও গুদাম শ্রমিকরা।
নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আরেফিন জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুইপক্ষ নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়েছে এবং সোমবার সকাল থেকে কাজে যোগ দিয়েছে।
এছাড়া শনিবার রাতে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একপক্ষ ডবলমুরিং থানায় একটি অভিযোগ দিয়েছে বেল জানান তিনি।
ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের (ডব্লিউটিসিসি) এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মাহবুব রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টা থেকে কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে অপেক্ষমান লাইটারেজ জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে।
তিনি জানান, রোববারে শ্রমিকদের কর্মবিরতির কারণে ১৬টি ঘাট ও কর্ণফুলী নদীতে ৭৩টি লাইটার জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় ছিল।
ঘাট-গুদাম শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মাহবুবুল আলম চৌধুরী এটলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, থানায় অভিযোগ নেয়ায় সোমবার সকাল ৮টা থেকে শ্রমিকরা কাজ শুরু করেছে।
নয় জনের নাম উল্লেখ করে ডবলমুরিং থানায় ঘাট-গুদাম শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রতন মাঝি অভিযোগটি করেন।
শ্রমিক সংঘর্ষের জের ধরে রোববার সকাল থেকে ১৬ ঘাটে থাকা লাইটারেজ জাহাজ থেকে কোন পণ্য গুদামে পরিবহন হয়নি।
শনিবার রাতে শ্রমিকদের বহন করা বস্তা প্রতি অর্থ জমা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘাট-গুদাম শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলমগীর শরিফসহ উভয়পক্ষের চারজন আহত হয়।
এর জের ধরে একপক্ষের শ্রমিকরা রোববার সকাল থেকে লাইটারে জাহাজ হতে পণ্য খালাস বন্ধ করে দেয়। এ সময় শ্রমিকরা কর্ণফুলী নদী সংলগ্ন বাংলাবাজার ঘাট এলাকায় মিছিল-সমাবেশও করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএ/১৪৫৩ ঘ.
bdnews24