গাজীপুর, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ষিক বর্ধিত বেতনের (ইনক্রিমেন্ট) দাবিতে গাজীপুর সদর উপজেলায় তৈরি পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময় তারা প্রায় দু’ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
সোমবার সকালে বোর্ডবাজারের তারগাছ এলাকায় লিজ এপারেলস এর শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ সড়কে বিক্ষোভের সময় বেশ কয়েকটি গাড়ির কাচও ভাংচুর করে বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. সেলিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার কারখানার বেতন-ভাতা দেওয়া হলেও প্রতিশ্রুত বার্ষিক বর্ধিত বেতন দেওয়া হয়নি। এর প্রতিবাদে সোমবার সকাল ৮টার দিকে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে ২০-২২টি গাড়ির কাঁচ ভাংচুর করে ও মহাসড়ক অবরোধ করে। এসময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে দেয়।
পরিদর্শক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শ্রমিকরা সড়ক ছেড়ে গেলে সকাল ১০টা থেকে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান সেলিম।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. জসিম উদ্দিন বলেন, বেতন দেওয়া হয়েছে, ইনক্রিমেন্টও দেওয়া হবে।
শ্রমিকদের ইট-পাটকেলে কারখানার নির্বাহী পরিচালক মো. তসলিম আহমেদ ও পরিচালক কাজী সায়েদুর রহমান আহত হন বলে দাবি করেন ব্যবস্থাপক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৫৫ ঘ.
bdnews24