২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের পথে খালেদা জিয়া

গণমিছিলে পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে সান্ত্বনা জানাতে চাঁদপুরের যাচ্ছেন বিরোধী দলীয় নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 06:00 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমিছিলে পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে সান্ত্বনা জানাতে সোমবার সকালে চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া। সকাল সোয়া ১১টায় গুলশানের বাসা থেকে গাড়িবহর নিয়ে তিনি রওনা হয়। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে চাঁদপুর স্টেডিয়ামে একটি জনসভায় বক্তব্য দেবেন বিরোধী দলীয় নেতা। ওই জনসভাস্থলে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ২৯ জানুয়ারি বিএনপির গণমিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে চাঁদপুরে লিমন হোসেন ছৈয়াল ও আবুল হোসেন মারা যান। একই কর্মসূচিতে লক্ষ্মীপুরে মারা যান দলের আরো দুজন কর্মী। পরদিন রাজশাহীতেও গণমিছিলে পুলিশের গুলিতে জামায়াতে ইসলামীর কর্মী সফিকুলের মৃত্যু হয়। মারুফ কামাল জানান, ঢাকা থেকে সরাসরি চাঁদপুর সার্কিট হাউজে যাবেন খালেদা জিয়া। সেখানে মধ্যাহ্ন ভোজের পর নির্ধারিত কর্মসূচি শুরু হবে বলে জানান তিনি। নিহত পরিবারের সদস্যদের স্বান্তনা জানাতে আগামী ১৮ ফেব্র“য়ারি বিরোধী দলীয় নেতার লক্ষীপুর যাওয়ার কর্মসূচি নির্ধারিত রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গত ৯ জানুয়ারি চট্টগ্রামে এক জনসভা থেকে ২৯ জানুয়ারি সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। কিন্তু আওয়ামী লীগ একই দিনে রাজধানীতে জনসভা করার ঘোষণা দিলে রোববার সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। নিষেধাজ্ঞা জারি করা হয় চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাতেও। এছাড়া বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনাতে জারি করা হয় ১৪৪ ধারা। এই পরিস্থিতিতে ঢাকা ও চট্টগ্রামসহ মহানগরগুলোর গণমিছিল কর্মসূচি একদিন পিছিয়ে দেয় বিএনপি। তবে জেলায় জেলায় রোববারের কর্মসূচি বহাল থাকে। ঘোষণা অনুযায়ী সকালে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে চাঁদপুর পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এসইউ/১১৫৭ ঘ.