মৌলভীবাজার, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার জড়িত সন্দেহে নিহতের ভারতীয় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার বিকালে কুলাউড়া স্টেশন রোডের একটি কলোনির নিজ বাসায় স্বপ্নার (৩০) লাশ পাওয়া যায়। স্বপ্নার বাবার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামে।
রেলওয়ে কলোনিতে থাকতেন স্বামী বাবুল মিয়া (৩৫) এবং দুই মেয়ে শান্তা (৫) ও মিমকে (২) নিয়ে।
পুলিশ জানায়, বাবুল মিয়া স্টেশন রোডের মিম হোটেলের মালিক। তার বাড়ি ভারতের আগরতলায়। ৫-৬ মাস আগে তিনি কুমিল্লা থেকে কুলাউড়ায় এসে হোটেল ব্যবসা শুরু করেন।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক শ্যামল দেব নাথ জানান, শনিবার গভীর রাতে বাবুল মিয়া মোবাইল ফোনে তার মামা শ্বশুর সুলতান মিয়াকে স্বপ্না মারা গেছে বলে জানান।
খবর পেয়ে রোববার দুপুরে স্বপ্নার বাবা তোতা মিয়া ও মা আলেয়া বেগম কুলাউড়া আসেন।
পুলিশ কর্মকর্তা শ্যামল বলেন, গৃহবধূর মৃত্যু রহস্যজনক। তার গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। তাই এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহতের পরিবার থানায় অভিযোগ দেয়নি উল্লেখ করে তিনি জানান, প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩১১ ঘ.
bdnews24