ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বন্দরের স্ক্যানিং মেশিনে মানুষের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কি না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
বিমান বন্দরে স্থাপিত গামা রে স্ক্যানিং মেশিন পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে আনবিক শক্তি কমিশনের চেয়ারম্যানকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিমানবন্দরের স্ক্যানিং মেশিন থেকে নির্গত গামা রশ্মির কারণে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে দাবি করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট আবেদনটি দায়ের করে।
অন্তর্বর্তীকালীন এ আদেশের পাশাপাশি গামা রশ্মিযুক্ত স্ক্যানিং মেশিন বসানো কেন বেআইনি ঘোষণা করা হবে না, সরকারকে তার কারণ জানাতে বলা হয়েছে।
বেসামরিক বিমান সচিব, পরিবেশ সচিব, স্বাস্থ্য সচিব, আনবিক শক্তি কমিশনের চেয়ারম্যান, বেসামরিক বিমান কর্তৃপক্ষের পরিচালককে (শাহজালাল বিমান বন্দর) দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
শুনানিতে বাদিপক্ষে মনজিল মোরসেদ বলেন, “শাহজালাল এয়ারপোর্টে খোলা অবস্থায় স্ক্যানিং মেশিন বসানো হয়েছে। যা থেকে মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকারক গামা রশ্মি নির্গত হয়। এমনকি যে সব খাদ্যদ্রব্য এই মেশিন দ্বারা স্ক্যান করা হয়, তাও নিরাপদ নয়।”
আনবিক শক্তি কমিশনের কোনো ধরনের প্রতিবেদন ছাড়া এই মেশিন স্থাপন করা হয়েছে দাবি করে মনজিল বলেন, “এই ধরনের মেশিন মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ। তাই এ বিষয়ে আদালতের নির্দেশনা প্রয়োজন।”
সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/২৩০০ ঘ.
bdnews24