চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. মুজাহিদুল ইসলামের বাবা আদালতে একটি মামলা করেছেন, যাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
রোববার দুপুরে চট্টগ্রাম জেলা হাকিম ইয়াসমিন আরার আদালতে মামলাটি করেন হুমায়ুন কবীর মীর।
মামলায় ৪২ ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত পরিচয়ের অনেককে আসামি করা হয়েছে।
গত ৮ ডিসেম্বর ক্যাম্পাসে সংঘর্ষে মুজাহিদসহ দুজন নিহত হন। এর মধ্যে মুজাহিদকে ছাত্রলীগ নিজেদের কর্মী বলে দাবি করলেও পরে তার বাবা জানান, তিনি ছাত্রশিবির করতেন। নিহত অন্যজনও ছাত্রশিবিরের নেতা।
বাদির আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক অভিযোগ আমলে নিয়ে এ ঘটনায় আগামী ২০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হাটহাজারী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মুজাহিদের বাবা হাটহাজারী থানায় গেলেও পুলিশ মামলা না নেওয়ায় আদালতে মামলাটি করা হয়েছে বলে জানান তিনি। আগামী ৬ মার্চ এ মামলায় শুনানি হবে বলেও আইনজীবী হুজ্জাত জানান।
মামলায় চবি ছাত্রলীগের সহ-সভাপতি আবুল মনসুর সিকদার, সহ-সভাপতি রন্টু দাশ, সহ-সভাপতি শাফায়েত বিল্লাহ, যুগ্ম সম্পাদক কাজী তানজিম হোসেনসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে ১২ শিবিরকর্মীর বিরুদ্ধে একটি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯২০ ঘ.
bdnews24