২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন লাইনচ্যুত হয়ে চলাচল ব্যাহত

রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি ক্রসিংয়ের কাছে কন্টেইনারবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি ক্রসিংয়ের কাছে কন্টেইনারবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। রোববার বিকাল সোয়া ৫টার দিকের এ দুর্ঘটনায় অবশ্য কেউ আহত হয়নি। দুর্ঘটনার পর কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকলেও রাত ১০টার দিক থেকে একটি লাইন দিয়ে উভয়মুখী ট্রেন চলছে। দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। ৫ সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মিজানুর রহমানকে। কমলাপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারওয়ান বাজারের মাছের আড়তের পাশে কমলাপুরগামী কন্টেইনারবাহী একটি ট্রেনে সংযুক্ত দুটি তেলের ট্যাংকার লাইনচ্যুত হয়। এ সময় একটি তেলের ট্যাংকার ফেটে তেল বের হতে থাকলে আশপাশের লোকজন তেল সংগ্রহ করার জন্য ভিড় জমায়। রেলের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, দুটি বগি রেল লাইনের ওপর পড়ায় ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জ ছাড়া সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে একটি লাইন সচল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৮১৩ ঘ.