জামালপুর, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে ট্রেন চলাচল আবার শুরু হয় বলে জানিয়েছেন জামালপুর রেল স্টেশনের সহকারী মাস্টার লিয়াকত আলী।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে জামালপুরের কোর্ট স্টেশনে একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার সময় ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন।
সহকারী স্টেশন মাস্টার লিয়াকত আলী বলেন, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি জামালপুর স্টেশন থেকে রাত ১১টা ১০ মিনিটে ছেড়ে যাবার পর কোর্ট স্টেশনের পয়েন্টে লাইনচ্যুত হয়।
কোর্ট স্টেশনে ২০১১ সাল থেকে স্টেশন মাস্টার নেই। এক বছর ধরে দুইজন কর্মচারী সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওই স্টেশনে দায়িত্ব পালন করেন। বাকি সময় কেউ থাকে না।
দুর্ঘটনা কবলিত কমিউটার ট্রেনের সুপার ভাইজার মৃণাল কান্তি ভৌমিক বলেন, কোর্ট স্টেশন পয়েন্টে লাইনের নাট-বল্টু খোলা ছিল। কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/ডিডি/১৯৪১ ঘ.
bdnews24