২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজউদ্দিনের নাতিকে নির্যাতনের ঘটনায় ৫ পুলিশকে তলব

ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কেন ফৌজদারী মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না- সরকারকে তার কারণও জানাতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 09:54 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের নাতি রাকিব হোসেনের নির্যাতনের অভিযোগে পাঁচ পুলিশ কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ রোববার স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের উপ কমিশনার লুৎফুল কবির, এসি আশরাফুল আজিম মিয়া, গুলশান থানার ওসি শাহ আলম, উপপরিদর্শক সোমেন বড়–য়া ও মোস্তাফিজুর রহমানকে আগামী ১৬ ফেব্র“য়ারি সকালে আদালতে হাজির হয়ে ওই ঘটনায় তাদের ভূমিকা ব্যাখ্যা করতে বলা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় রাকিবের (১৯) ওপর নির্যাতনের অভিযোগে উপ পরিদর্শক সোমেন বড়–য়া ও মোস্তাফিজুর রহমানকে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। রাকিবের পরিবারের অভিযোগ, বিনা অপরাধে গুলশান এলাকায় পুলিশ তাকে শুক্রবার তিন ঘণ্টা থানায় আটকে রেখে নির্যাতন করে। এ লেভেলের ছাত্র ১৯ বছর বয়সী রাকিব বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। দৈনিক প্রথম আলো রোববার ‘তাজউদ্দিনের নাতিকে পেটাল পুলিশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করলে আইনজীবী শ ম রেজাউল করিম তা আদালতের নজরে আনেন। এরপর বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে পাঁচজনকে তলবের আদেশ দেয়। ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কেন ফৌজদারী মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না- সরকারকে তার কারণও জানাতে বলেছে আদালত। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনারকে ১০ দিনের মধ্যে এর জবাব দিতে হবে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় গুলশানের একটি খাবারের দোকানের সামনে গাড়ি পার্ক করার সময় পুলিশ রাকিব ও তার বন্ধু হিমেলকে ডেকে নিয়ে নির্যাতন করে এবং থানায় আটকে রাখে। পরে রাত সোয়া ৯টার দিকে তাদের ছেড়ে দেয়। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমদের মেয়ে এবং রাকিবের মা সিমিন হোসেন রিমির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আহত রাকিব এখন হাসপাতালে চিকিৎসাধীন। আদালত ১৬ ফেব্র“য়ারির মধ্যে রাকিবের চিকিৎসা প্রতিবেদন দাখিল করার জন্য ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৫৪০ ঘ.