আগরতলা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ৪০তম বিজয় দিবস উপলক্ষে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় চলছে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী চলছে।
বাংলাদেশ ওয়ার অব লিবারেশন ইন সেলুলয়েড’ শিরোনামের এই চলচ্চিত্র প্রদর্শনীতে বাংলাদেশের ছয়টি চলচ্চিত্র দেখানো হচ্ছে।
শুক্রবার আগরতলার বনমালিপুরের নজরুল কলাক্ষেত্রে আয়োজিত প্রদর্শনীটি উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং ভারতের তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের ডিরেক্টরেট অব ফিল্ম ফেস্টিভাল যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।
চলচ্চিত্রগুলো হল মাটির ময়না, খেলাঘর, জয়যাত্রা, খন্ড গল্প ১৯৭১, আমার বন্ধু রাশেদ ও গেরিলা।
প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ, নাসিরউদ্দিন ইউসুফ, মোরশেদুল ইসলাম, তৌকির আহমেদ ও বদরুল আনাম সৌদের পরিচালনায় এ চলচ্চিত্রগুলো ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে মুক্তি পায়।
সাংস্কৃতিক কর্মকাণ্ড “অপশক্তি ও মৌলবাদীদের বিরুদ্ধে লড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে প্রদর্শনীতে খ্যাতনামা চলচিত্রকার মোরশেদুল ইসলাম বলেন, “এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যত বেশি দুই দেশের মধ্যে বিনিময় হবে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক তত ভালো হবে।”
মোরশেদুল ইসলামের দুটি চলচ্চিত্র দেখানো হচ্ছে প্রদর্শনীতে।
রাইসুল ইসলাম আসাদ, আবুল হায়াত, বিপাশা হায়াত, সুবর্ণা মুস্তফা, হুমায়ুন ফরিদি, পীযূষ বন্দ্যোপাধ্যায়, রোকেয়া প্রাচী, বন্যা মির্জা ও জয়া আহসানের অভিনয় দেখতে চলচ্চিত্রপ্রেমীদের কোনো টিকেট লাগছে না।
ভিন্নভাষীদের জন্য চলচ্চিত্রে ইংরেজি ভাষায় সাব-টাইটেলও থাকছে।
বাংলাদেশের ছবিগুলো দেখতে তাই আগরতলার চলচ্চিত্রপ্রেমীরা ভিড় করছেন। তারা বলছেন বাংলাদেশের ভালো চলচ্চিত্র দেখার এটা একটা ভালো সুযোগ।
পরিবারকে নিয়ে প্রদর্শনীতে আসা সুষ্মিতা গোস্বামী বলেন, “এ ধরণের উৎসব দুই দেশের মানুষকে আরও কাছে আনবে এবং দুই জাতির মধ্যে সম্পর্ক ভালো করবে।”
আরেক দর্শক রাজিব পাল বলেন “বাংলাদেশের ছবিগুলো আমরা সাধারণত টেলিভিশনে দেখি। প্রদর্শনীতে এখন আমরা তা বড় পর্দায় দেখতে পারছি।
ভারতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মাহবুব হাসান সালেহ বলেন, “প্রদর্শনীটি বিপুল সংখক দর্শককে আকৃষ্ট করছে। দর্শকে ঠাসা হল দেখা বোঝা যায় বাংলাদেশ ও এদেশের চলচ্চিত্র সম্পর্কে ত্রিপুরার মানুষদের আগ্রহ আছে।”
একই চলচ্চিত্র উৎসব এর আগে কলকাতায় আয়োজন করা হয়েছিল। আগামী মাসে নয়া দিল্লিতে আবারো এ প্রদর্শনীর আয়োজন করা হবে।
১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিজয় লাভ করে মুক্তিবাহিনী। বাংলাদেশ পায় স্বাধীনতা। সেই থেকে প্রতিবছর এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ।
১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি বিজয়ের আনন্দ উদযাপন করা হয়। দিনটিতে বাংলাদেশে সরকারি ছুটি থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৪০১ ঘ.
bdnews24