২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনির বাড়ি থেকে রক্তমাখা বটি উদ্ধার

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির বাড়ি থেকে শনিবার রাতে রক্ত মাখা একটি বটি উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 06:07 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির বাড়ি থেকে শনিবার রাতে রক্ত মাখা একটি বটি উদ্ধার করেছে পুলিশ। শেরেবাংলা নগর থানার ওসি জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। শনিবার ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। তাদের কুপিয়ে হত্যা করা হয়। দুজনের দেহে ছুরি ও ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতের চিহ্ন ছিল। নিহতদের ক্ষতচিহ্ন দেখে ময়নাতদন্তকারী চিকিৎসকরা বলছেন, খুনিরা অপেশাদার। র‌্যাবের গোয়েন্দাদের ধারণা, এ হত্যা পরিকল্পিত, খুনিরা পূর্ব পরিচিত। এই দম্পতির পাঁচ বছর বয়সি একমাত্র সন্তানের মাধ্যমে শনিবার সকালে ঘটনা প্রকাশের পর ব্যাপক ভিড়ের কারণে পুলিশ লাশ উদ্ধারের কক্ষটি তালাবদ্ধ করে রাখে। পরে রাতে তল্লাশি চালানো হয়। শয়ন কক্ষে একটি কোনে রক্তমাখা বটিটি পড়ে ছিল বলে ওসি জানান। এর আগে সাগরের বুকে বিদ্ধ অবস্থায় একটি ছুরি পাওয়া যায়। রাতে আশপাশের বিভিন্ন বাড়ির মানুষকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ওই ভবনের প্রহরী পলাশ রুদ্র পাল ও কেয়ারটেকার আবু তাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে আটক করেছে। এছাড়া রুনির দুই ভাই নওশের আলম ও নওদিশ আলমকে সদরদপ্তরে নিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্ত কতদূর এগোলো- জানতে চাওয়া হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহবুবুর রহমান শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন করে বলার মতো কোনো তথ্য এখন নেই।” স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার লক্ষ্য নিয়ে পুলিশ কাজ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/০০০০ ঘ.