২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নন্দরানী চা বাগান পুলিশের নিয়ন্ত্রণে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নন্দরানী চা বাগান দখলের সংঘর্ষে গুলিতে দু’জনের মৃত্যুর পর বাগানটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। চা বাগান এলাকায় এখনো ১৪৪ ধারা বলবৎ আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 05:57 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

মৌলভীবাজার, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নন্দরানী চা বাগান দখলের সংঘর্ষে গুলিতে দু’জনের মৃত্যুর পর বাগানটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। চা বাগান এলাকায় এখনো ১৪৪ ধারা বলবৎ আছে। পুলিশ জানিয়েছে, শুক্রবারের এ ঘটনায় কেউ মামলা করেনি। তবে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা হলেন- আলকাছ (৩৫), ইউসুফ (২৪) আফই মিয়া (৩৫)। তিনজনই কমলগঞ্জের বাসিন্দা। এদিকে নিহত দু’জনের লাশ ময়নাতদন্ত শেষে শনিবার বিকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শনিবার দুপুরে সিলেট বিভাগের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মকবুল হোসেন ভূঁইয়া, মৌলভীবাজার পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার নূরুল ইসলাম, এএসপি (সার্কেল) আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সহকারী পুলিশ সুপার (এএসপি) আহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চা বাগান বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। স্বাভাবিক অবস্থা না ফেরা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। তাছাড়া পুরো বিষয়টি খুব সতর্কতার সঙ্গে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে, বলেন এই পুলিশ কর্মকর্তা। কমলগঞ্জ থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বলেন, নিহত সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের সচিব কাজী ফখরুল ইসলামের লাশ বিকালে কোম্পানির জেনারেল ম্যানেজার জহির আহমেদ চৌধুরী এবং জাহিদের লাশ তার পরিবারের লোকজন গ্রহণ করেন। পরে ফখরুলের মরদেহ তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এবং জাহিদের লাশ কমলগঞ্জের ধলাইপাড় গ্রামে নিয়ে যাওয়া হয়। শুক্রবার বিকাল ৩টার দিকে নন্দরানী চা বাগান দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের ঢাকা অফিসের সচিব কাজী ফখরুল ইসলাম (৬৫) ও ধলাইপাড় গ্রামের জাহিদ মিয়া (৩৫) নিহত হন। সংঘর্ষকালে ব্যবস্থাপকের বাংলোয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শনিবার দুপুরে নন্দরানী চা বাগানে গিয়ে দেখা যায়, দু’জন উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে ২৫ জন পুলিশ বাগানের অফিস ও ব্যবস্থাপকের বাংলোর বাইরে পাহারায় রয়েছে। বাগানের কাজ বন্ধ রয়েছে। এদিকে সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের জেনারেল ম্যানেজার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর থেকে নন্দরানী চা বাগানের ব্যবস্থাপকের বাংলোর বাবুর্চির সহকারী শুকুর আলী নিখোঁজ রয়েছেন। তাদের ধারণা হামলাকারীরা তাকে হত্যা করে লাশ গুম করেছে। নারী চা শ্রমিক রীনা রানী মাহারা বলেন, মাথায় লাল কাপড় বেঁধে চারদিক থেকে হামলা চালানো হয়। হামলায় মহিলা শ্রমিক ভারতী মাহারাও আহত হয়েছেন। হামলাকারীরা তিন চা শ্রমিক জগৎ, পিতবাসী ও আফজলের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.