কুষ্টিয়া, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া পৌরসভা চত্বরে শনিবার শুরু হয়েছে তিনদিনের চারু উৎসব-২০১২। চলবে সোমবার পর্যন্ত।
বিকাল ৪টায় উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়ার প্রবীণ আলোকচিত্র শিল্পী আব্দুল হামিদ রায়হান ও চিত্র শিল্পী নাসির বিশ্বাস।
আনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা শিল্পী সমরজিত রায় চৌধুরী, মনসুর উল করীম, নাসরিন বেগম প্রমুখ।
উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক সুকুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনটি ভেন্যুতে প্রতিদিন অনুষ্ঠান চলবে। এগুলো হল- কুষ্টিয়া পৌরসভা চত্বর (মূল উৎসবস্থল), রহিমপুরের স্মরণ মৎস বীজ খামার এবং থানাপাড়ার ১২ খোদাদাদ খান রোড।
তিনদিনের অনুষ্ঠানসূচি অনুযায়ী মূল উৎসবস্থলে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান- লালন গীতি, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, কীর্ত্তন, কবিতা আবৃত্তি, নাটক এবং মুভিয়ানা চলচ্চিত্র সংসদের চলচ্চিত্র প্রদর্শনী চলবে।
এছাড়া বিশেষ প্রদর্শনী হিসেবে তিন ভেন্যুতেই থাকছে স্থানীয় ও অতিথি শিল্পীদের করা স্থাপনাশিল্প, পারফর্মেন্স ও ভিডিও আর্ট।
এছাড়া প্রতিদিনই থাকছে প্রায় শতাধিক নবীন ও প্রবীণ চারুশিল্পীর (প্রতিষ্ঠানিক ও অপ্রতিষ্ঠানিক) বিভিন্ন মাধ্যমে আঁকা চিত্রকলা ও ভাস্কর্য, কুষ্টিয়ার চারুকলার ইতিহাসবিষয়ক গুরুত্বপূর্ণ ও দুর্লভ শিল্পকর্ম, শিল্পীর আলোকচিত্রের ডিজিটাল প্রিন্ট এবং তরুণ শিল্পীদের চিত্রকলা কর্মশালায় কুষ্টিয়ার প্রকৃতি, মানুষ, স্থাপত্য ইত্যাদি নিয়ে আঁকা নির্বাচিত শিল্পকর্ম।
এছাড়া লোকশিল্পের মেলায় প্রদর্শিত হবে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লোকশিল্পের নানা নিদর্শন যেমন- মাটির কাজ, বাঁশ-বেতের কাজ, তাঁতশিল্প, নকশীকাঁথা, কাঠের কাজ, লোহাশিল্প, কাঁসা-পিতল শিল্প, শোলাশিল্প ইত্যাদি।
সুকুমার পাল আরো বলেন, অনুষ্ঠানের দ্বিতীয় দিন কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে ‘সৃজনশীলতা ও শিশু চিত্রকলা’ বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে।
এতে আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের এডুকেশন স্পেশালিস্ট ম. হ. তানসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞানের সহযোগী অধ্যাপক কামালউদ্দিন আহমেদ এবং মনোবিজ্ঞানী শাহীন নাফিসা সিদ্দিক উপস্থিত থাকার কথা রয়েছে।
উৎসবের প্রথম ধাপ হিসেবে গত ১৩ থেকে ১৫ জানুয়ারি বৃহত্তর কুষ্টিয়ার ২০ জন শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে চারুকলা কর্মশালা। কর্মশালার বিষয়বস্তু ছিল কুষ্টিয়ার জীবন ও প্রকৃতি। অর্থাৎ চারুশিল্পের নানা মাধ্যমে বর্তমানের কুষ্টিয়াকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে শিল্পীর ক্যানভাসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.
bdnews24