২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় আইনের প্রস্তাব

ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে এ নিয়ে আয়োজিত একটি সম্মেলনের আলোচকেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 01:32 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে এ নিয়ে আয়োজিত একটি সম্মেলনের আলোচকেরা। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যক্তিগত তথ্য গোপনীয়তার অধিকার ও ডাটা সুরক্ষা’ শীর্ষক জাতীয় কনভেনশনে সাবেক বিচারপতি গোলাম রাব্বানী বলেন, “ব্যক্তিগত তথ্য গোপনীয়তা সবাই চায় এবং এ বিষয়ে আইন হওয়ার প্রয়োজন রয়েছে।” মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা উচিত বলেও মনে করেন রাব্বানী। সাবেক বিচারপতি জানান, আইন করার আগে ব্যক্তিগত তথ্যের সংজ্ঞা কি হবে কিংবা কোন কোন তথ্যকে ব্যক্তিগত তথ্য হিসেবে বিবেচনা করা হবে, তা আগে ঠিক করা প্রয়োজন। “কেবল আইন করলে চলবে না । আইনের প্রয়োগ খুব বেশি জরুরি। এক মাত্র আদালত পারে আইন প্রয়োগ নিশ্চিত করতে। ব্যক্তিগত তথ্য অধিকার সুরক্ষা বাস্তবায়নের জন্য সারা দেশে ট্রাইবুনাল গঠন করা দরকার”, বলেন রাব্বানী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক ইফতেখারুজ্জামান জানান, তথ্য পাওয়ার অধিকার যেমন আছে তেমনি ব্যক্তিগত তথ্য দেওয়ার বিষয়টাও সুনির্দিষ্ট করা উচিত। তথ্য পাওয়া ও তথ্য দেওয়া দুটোই পরিপূরক। এক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত হওয়া উচিত। আলোচকরা জানান, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা মানুষের মৌলিক অধিকার। বাংলাদেশ সংবিধানের ৪৩ নং ধারায় প্রাইভেসি রাইটস মানবাধিকার হিসেবে স্বীকৃত। ‘আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা’ (ধারা ১২), ’নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সনদ’ (ধারা ১৭), জাতিসংঘের ‘কনভেনশন অন মাইগ্রেন্ট ওয়ার্কার্স’ (ধারা ১৪) এবং ‘শিশু অধিকার সনদ’ (ধারা ১৬)-এ ‘প্রাইভেসিকে’ অধিকার হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। বাংলাদেশ তথ্য অধিকার আইনেও ব্যক্তিগত তথ্য গোপনীয়তা অধিকারের বিষয়টি সুস্পষ্টভাবে রয়েছে উল্লেখ করে আলোচকেরা দ্রুত ব্যক্তিগত তথ্য গোপনীয়তা সংরক্ষণে জাতীয় নীতিমালা ও আইন প্রণয়ন করার পরামর্শ দিয়েছেন। বেসরকারি সংস্থা ভয়েস-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদের সঞ্চালনায় কনভেনশনে বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক সেলিম সামাদ ও প্রাইভেসি ইন্টারন্যাশনাল-ইউকে -এর প্রতিনিধি সাইমন ডেভিস, মানবাধিকার সাংবাদিক ফোরামের খায়রুজ্জামান কামাল প্রমুখ বক্তব্য রাখেন। ভয়েস প্রাইভেসি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম, বাংলাদেশ আইসিটি সাংবাদিক ফোরাম, তথ্য অধিকার আন্দোলন, সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র), ইক্যুইটিবিডি, মিডিয়াওয়াচ ও সামহোয়ার ইন ব্লগের যৌথ উদ্যোগে এ কনভেনশন অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/১৯২৬ ঘ.