বাগেরহাট, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে চালককে অচেতন করে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় যাত্রীবেশী দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। শনিবার তাদের কারাগারে পাঠানো হয়।
আটক দু’যুবক হলেন গোপালগঞ্জের মোকছেদপুর উপজেলার কমলাপুর গ্রামের সজল মিঞা (১৯) এবং বাগেরহাটের মংলার বাঁশতলা গ্রামের আসাদ মুসল্লী (২০)।
অসুস্থ হয়ে পড়া মোটরসাইকেল চালক মামুন শেখকে (২৮) মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা পেশাদার মোটরসাইকেল ছিনতাইকারী।
মোরেলগঞ্জ থানার ওসি মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকালে ওই দুই যুবক মংলা পৌর এলাকা থেকে মোরেলগঞ্জ আসা-যাওয়ার জন্য চালক মামুনের মোটরসাইকেল ভাড়া করে।
পথে চেতনানাশক দ্রব্য মেশানো পানীয় খাওয়ানোয় মামুন মোরেলগঞ্জের গাবতলা গ্রামে পৌছে অচেতন হয়ে পড়েন।
তখন মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করলে গতিবিধিতে সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা তাদের ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ব্যাপারে মোটরসাইকেল চালক মামুনের বাবার করা মামলায় শনিবার দুপুরে আদালতে হাজির করলে ছিনতাইকারীদের কারাগারে পাঠানো হয়।
এদের বিরুদ্ধে গোপালগঞ্জ ও বাগেরহাটে আর কোনো মামলা আছে কি না তার খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24