চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে নিহত মুহাম্মদ মুজাহিদকে ছাত্রশিবির কর্মী বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন তার বাবা মো.হুমায়ুন কবির মীর।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমার ছেলে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
বুধবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের কর্মীদের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র মুজাহিদ ও ইংরেজি বিভাগের ছাত্র মাসুদ বিন হাবিব নিহত হন। তাদের দুজনকেই নিজেদের কর্মী বলে দাবি করে ছাত্রশিবির।
ওইদিন রাতে নগরীতে সংবাদ সম্মেলন করে নিহত মুজাহিদকে দলের কর্মী বলে দাবি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মুজাহিদকে নির্দোষ দাবি করে অবিলম্বে তার খুনিদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তার বাবা হুমায়ুন।
হাটহাজারী থানায় হত্যা মামলা করতে গেলে তা নথিভুক্ত করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলন শেষে হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলে বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে এলে তার সঙ্গে আনা বইপত্রের মধ্যে ইসলামী ছাত্রশিবিরের বইপত্র দেখতাম।”
“আমার ছেলের ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত হওয়াকে আমি কখনো অপরাধ বা দোষের মনে করিনি।”
“আমার ছেলে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার”, অভিযোগ করেন তিনি।
নিহত মুজাহিদের বাড়ি মিরেরসরাই থানার পূর্ব কিসমত জাফরাবাদ গ্রামে। পাঁচ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
বিডিনিউজ টোয়েন্টিফোরড টকম/প্রতিনিধি/এমইউ/কিউএইচ/এসইউ/১৯০২ ঘ.
bdnews24