২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়া ২ কোটি শিশুকে খাওয়ানো হল পোলিওর টিকা

প্রায় সোয়া দুই কোটি শিশুকে পোলিওর টিকা খাওয়ানোর মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে জাতীয় টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 05:25 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সোয়া দুই কোটি শিশুকে পোলিওর টিকা খাওয়ানোর মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে জাতীয় টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্ব। ৭ জানুয়ারি প্রথম পর্বে শতভাগ সফলতার কথা উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্পের পরিচালক ডা. সৈয়দ আবু জাফর মো. মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবারও পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে ২ ফোটা করে পোলিও টিকা খাওয়ানো গেছে বলে তারা আশা করছেন। আগামী রবি থেকে বুধবার পর্যন্ত ‘বাদপড়া’ শিশুদেরকে খুঁজে বের করে পোলিও টিকা খাওয়ানো হবে বলে তিনি জানান। তিনি জানান, টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সারা দেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ লাখ ৪০ হাজার টিকাকেন্দ্র এবং ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা কাজ করেছেন। ৫ বছরের কম বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে ২ ফোটা করে পোলিও টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে ২ থেকে ৫ বছর বয়সী ১ কোটি ৮০ লাখ শিশুকে খাওয়ানো একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিকাদান কর্মসূচি তদারকিতে স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক সাভারের বিভিন্ন কেন্দ্রে যান। গত ৭ জানুয়ারি এ কর্মসূচির প্রথম রাউন্ডে ৫ বছরের কম বয়সী শিশুদের পোলিও টিকা খাওয়ানোর পাশাপাশি রাতকানা রোগ প্রতিরোধে ৬ থেকে ১১ মাস থেকে বয়সী শিশুদের নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হয়। ২০০০ সালের ২২ অগাস্ট থেকে পরবর্তী পাঁচ বছর বাংলাদেশ পোলিওমুক্ত থাকলেও ২০০৬ সালে ১৬টি পোলিও আক্রান্তের ঘটনা ঘটে। এখন দেশে কোনো পোলিও রোগী না থাকলেও পাশের দেশ ভারত পোলিও মুক্ত না থাকায় টিকাদান কর্মসূচি চলছে। সংক্রামক এ ব্যাধিটি নির্মূলে দেড় বছর, আড়াই বছর ও সাড়ে তিন বছর বয়সে মোট তিন বার শিশুদের পোলিওর টিকা খাওয়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/এসইউ/১৭৫১ ঘ.