গাইবান্ধা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদরে উদ্বোধনের পরদিনই আগুনে কবি সুফিয়া কামাল আনন্দলোক বিদ্যালয়ের অফিসসহ তিনটি শ্রেণিকক্ষ পুড়ে গেছে।
শুক্রবার সন্ধ্যায় বোয়ালী ইউনিয়নের নশরৎপুরে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে আগুন লাগে।
স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) গণ উন্নয়ন কেন্দ্রের তত্বাবধানে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। এর আগে ছিল পঞ্চম শ্রেণি পর্যন্ত।
বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বিদ্যালয়টির নিম্ন মাধ্যমিক পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করেন।
গণ উন্নয়ণ কেন্দ্রের নির্বাহী নির্বাহী পরিচালক এম আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনজন অজ্ঞাত পরিচয় যুবক ঘরে আগুন লাগার পর দ্রুত সেখান থেকে পালিয়ে যায় বলে স্থানীয় লোকজন তাকে জানিয়েছেন। ঘটনাটি নাশকতামূলক হতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
তিনি দাবি করেন, আগুনে বিদ্যালয়টির তিনটি আধপাকা ঘরের আসবাবপত্র, বই, শিক্ষা ও সংগীত উপকরণ, বিজ্ঞানাগারের সামগ্রীসহ কয়েকলাখ টাকার সম্পদ পুড়ে গেছে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মকবুল হোসেন বলেন, সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। দমকলের গাড়ি গিয়ে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৫ ঘ.
bdnews24