গাজীপুর, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় বাসের ধাক্কায় এক সাংবাদিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত মো. হায়দার আলী (৩২) সাপ্তাহিক ক্রাইম জনতা নামে একটি পত্রিকার মোবাইল রিপোর্টার বলে পুলিশ জানিয়েছে।
তার স্ত্রীর নাম জানা যায়নি। তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাছেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, হায়দার আলী মোটরসাইকেলে তার স্ত্রীকে নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। পিছন থেকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই হায়দার আলীর মৃত্যু হয়।
লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পকেটে পত্রিকাটির পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে ঠিকানা লেখা রয়েছে- হোল্ডিং নম্বর- ১০২/৮, দ্বিতীয়তলা, নিউ এয়ারপোর্ট রোড, ঢাকা।
সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত কয়েকজন সাংবাদিকের মধ্যে রয়েছেন দীনেশ দাস ও মনোজ দাস। গুরুতর আহত হয়ে পা হারিয়েছেন কালেরকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক নিখিল ভদ্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৫ ঘ.
bdnews24