ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের মতো উদারভাবে আর কোনো নির্বাচন কমিশন গঠিত হয়নি- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, অতীতে কখনোই ‘এতো অসাংবিধানিকভাবে’ নির্বাচন কমিশন গঠিত হয়নি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “বর্তমান সরকার সংবিধান ও বিচার বিভাগে বিশ্বাস করে না। তারা সংবিধান লঙ্ঘন করে অবৈধ ও অসাংবিধানিকভাবে বর্তমান নির্বাচন কমিশন গঠন করেছে।’’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে একটি অনুসন্ধান কমিটির মাধ্যমে নামের প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বুধবার পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন নিযোগ দেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতির কাছে শপথ নেন নতুন সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ ও নির্বাচন কমিশনাররা।
ইসি নিয়োগের এই প্রক্রিয়ার উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, এতো উদারভাবে অতীতে আর কখনো ইসি গঠন হয়নি।
এর প্রতিক্রিয়ায় স্বদেশ জাগরণ পরিষদের আলোচনা সভায় সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “সংবিধানের কোথাও ইসি নিয়োগে সার্চ কমিটি গঠনের কথা লেখা নেই। ফলে রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করেছেন, তা সংবিধান বহির্ভূত ছিলো।”
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি সরকারকে ‘অবশ্যই’ মানতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “নির্দলীয় সরকার গঠন হলেই কেবল প্রশাসন নির্দলীয় হবে। বর্তমানে যে প্রশাসন রয়েছে, তা একটি দলীয় সরকারের প্রশাসন। এর অধীনে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না।”
বিরোধী দল প্রথমে ‘না’ বললেও পরে সব কাজেই অংশ নেয়- বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে মওদুদ বলেন, “আপনার (প্রধানমন্ত্রী) এই কথা সঠিক নয়। আমরা বলতে চাই- সংবিধান সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে আপনাকে বাধ্য করা হবে।”
“সংসদের মেয়াদ শেষ হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার গঠন করে ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান সংবিধানে সংযোজনের ব্যবস্থা সরকারকেই নিতে হবে”, যোগ করেন তিনি।
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকারের মেয়াদপূর্তির ৯০ দিন আগেই নির্বাচনের বিধান করায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের সমালোচনা করেন মওদুদ।
তিনি বলেন, “বর্তমান সরকার নিজেদের অধীনেই জাতীয় নির্বাচন করার ‘স্বপ্ন’ দেখছে। এটা কোনো দিন সফল হবে না।”
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশি হত্যার বিষয়গুলো জাতিসংঘে তুলে ধরারও আহ্বান জানান মওদুদ।
বিরোধী দলের এই সাংসদ বলেন, “আমরা বিষয়টি জাতিসংঘে উত্থাপন করতে চাই। বিএনপি একটি রাজনৈতিক দল। আমরা দল হিসেবে তা উত্থাপন করতে পারি না। সেজন্য সুশীল সমাজের প্রতি আমরা আবেদন জানাব, সীমান্তে হত্যার বিষয়টি জাতিসংঘে জানান।”
‘নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া ও নিরপেক্ষ নির্বাচনের ভবিষ্যৎ’ শীর্ষক এ আলোচনাসভায় সংগঠনের সভাপতি কামারুজ্জামান সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো, রাহমাতুল্লাহ, সাবেক সাংসদ হেলেন জেরিন খান বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৭৫০ ঘ.
bdnews24