বাগেরহাট, ফ্রেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন থেকে উদ্ধার হওয়া ১০ ভারতীয় জেলেকে বৃহস্পতিবার সকালে ভারতীয় দূতাবাসের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। দুপুরে তারা ট্রলারে করে সমুদ্রপথে ভারতের উদ্দেশে রওনা হয়েছে।
জেলেদের উদ্ধৃত করে সুন্দরবন পূর্ব-বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবারই প্রথম সুন্দরবনাঞ্চলে ভারতীয় জেলে উদ্ধারের ঘটনা ঘটল।
মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রলারসহ ১০ জেলেকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের প্রটোকল ও ওয়েলফেয়ার কর্মকর্তা আর কে রাখীর কাছে হস্তান্তর করা হয়েছে।
দু’দেশের সরকারের তৎপরতার কারণে এক সপ্তাহের মধ্যে আটকেপড়া এই জেলেদের ফিরিয়ে দেওয়া সম্ভব হল বলে জানান তিনি।
বন কর্মকর্তা মিহির জানান, গত ২৬ জানুয়ারি গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশি একটি জলদস্যু দল, গামা বাহিনী, মুক্তিপণের দাবিতে তাদের ট্রলার এফ বি তারা মা’সহ ১০ জেলেকে অপহরণ করে।
এ সময় তাদের দুই সহযোগী সাগরে ঝাঁপিয়ে পড়ে। তবে তাদের ভাগ্যে কী হয়েছে তা জেলেরা জানাতে পারেনি বলে জানান তিনি।
গত ২৯ জানুয়ারি ভোরে বন কর্মীরা সুন্দরবনের ছাপড়াখালী চরে পরিত্যক্ত ও চরে আটকে পড়া অবস্থায় এফ বি তারা মা’কে দেখে কোস্টগার্ডকে সঙ্গে নিয়ে ট্রলারটি পাহারার উদ্যোগ নেয়।
অন্যদিকে গত ৩ ফ্রেব্র“য়ারি রাতে দস্যুদলটি ১০ জেলেকে মুক্তি দিয়ে একটি বাংলাদেশি মাছ ধরা ট্রলারে করে সুন্দরবনের শেলার চরে নামিয়ে দেয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন সেলিম রেজা হারুণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিত্যক্ত ট্রলারটি আটক ও জেলেদের সন্ধান পাওয়ার পর বিষয়টি ভারতীয় দূতাবাসকে জানানো হয়।
বুধবার ছাপড়াখালী চরে আটকে পড়া ট্রলারটি উদ্ধার করে আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে ভারত সরকারের প্রতিনিধির কাছে জেলেদের হস্তান্তর করলে তারা ট্রলারে করে ভারতের উদ্দেশ্যে রওনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৩০ ঘ.
bdnews24